পাকিস্তানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি চিকিৎসাকেন্দ্রে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন রোগী ছাড়াও চিকিৎসাকেন্দ্রের কর্মী, অন্য রোগী ও তাদের স্বজনেরা রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ঘটনাটি ঘটেছে দেশটির সিন্ধু প্রদেশের থারপারকার জেলায়। জেলা পুলিশপ্রধান আরিফ আজিজ জানান, রাতের কোনো এক সময় এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা খলিল আব্রোর ভাষ্য অনুযায়ী, রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল। এ সময় অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে ছড়িয়ে পড়া ছবিতে গাড়িটিকে আগুনে পুড়তে দেখা যায়। একটি ছবিতে অ্যাম্বুলেন্সের একটি দরজা খোলা অবস্থায় ছিল। অন্য একটি ছবিতে ভবনের বাইরে গাড়িটির পুড়ে যাওয়া কাঠামো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের আশপাশে জড়ো হন স্থানীয় লোকজন। তবে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ জানতে দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট।

পাকিস্তানে চিকিৎসাকেন্দ্রে অগ্নিকাণ্ডে এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত আগস্টে রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের একটি নবজাতক পরিচর্যাকেন্দ্রে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণের কারণে আগুন লাগে। এতে ১৪ নবজাতকের মৃত্যু হয়। আগুন থেকে উদ্ধার করা একমাত্র শিশুটিও কয়েক সপ্তাহ পর মারা যায়। ফলে ওই ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ জনে।

সর্বশেষ অ্যাম্বুলেন্স বিস্ফোরণের ঘটনায় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে অগ্নিনিরাপত্তা এবং রোগী পরিবহনের সময় নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

জেএম
আরও পড়ুন