উপকূলীয় জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তদেশীয় অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ। ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘বিসিজি বেইস অগ্রযাত্রা’ ঘাঁটিতে পাঁচ দিনব্যাপী ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত বর্ণাঢ্য সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসানসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এই বিশেষ প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়া—এই সাতটি দেশের ৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ২ জন এবং কোস্ট গার্ডের ২ জন সদস্য সহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী সফলভাবে সনদ গ্রহণ করেন।
বিশেষজ্ঞদের মতে, নদী ও সামুদ্রিক সীমান্ত এলাকায় মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আন্তর্জাতিক এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে অংশগ্রহণকারী দেশগুলোর তথ্য আদান-প্রদান ও পারস্পরিক পেশাগত সহযোগিতা নতুন মাত্রা পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব বলেন, সামুদ্রিক সম্পদ রক্ষা, অভ্যন্তরীণ নৌপথের সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকা অপরিসীম। এ ধরনের প্রশিক্ষণ বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে যৌথ নিরাপত্তা কৌশল জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।
টোকিওতে ৫ ঘণ্টা বিলম্বের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী