পবিত্র নগরী মক্কাকে ঘিরে ড্রোন বিতর্ক, মুখ খুললো হুথি গোষ্ঠী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোট। তবে ড্রোনটি পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। শুক্রবার সংগঠনটির এক কর্মকর্তা দাবি করেছেন, সৌদি আরবের অভ্যন্তরে কোনো অভিযান চালায়নি তারা।

হুথিদের সামরিক মুখপাত্রের কার্যালয়ের প্রধান আমিন হাইয়ান বলেন, মক্কার আকাশে ড্রোন প্রতিহত করার বিষয়ে সৌদি পক্ষের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও গুরুতর অপপ্রচার’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সৌদি আরবের অভ্যন্তরীণ অঞ্চলের দিকে কোনো অভিযান পরিচালনা করেনি হুথিরা। তাঁদের অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয় বলেও দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর পাঠানো একটি ড্রোন সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশে শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

তবে ড্রোনটি কোথা থেকে উড়েছিল, এর নির্দিষ্ট লক্ষ্য কী ছিল কিংবা এটি পবিত্র নগরী মক্কার কেন্দ্রের দিকে যাচ্ছিল কি না—এসব বিষয়ে প্রকাশিত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।

এ ঘটনায় সৌদি জোটের দাবি ও হুথিদের অস্বীকারের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য তৈরি হয়েছে। স্বাধীনভাবে ড্রোনের উৎস বা লক্ষ্যবস্তু নিশ্চিত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত