প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, তদন্ত কমিটি গঠন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোনো উড়োজাহাজে এ ধরনের ঘটনা ঘটলে অভ্যন্তরীণভাবে তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হয়। সেই নিয়ম অনুসারেই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন দেবে বলেও জানান তিনি।

বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের আওতায় রয়েছে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণ, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব মূল্যায়ন।

এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৭৭ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা পর উড্ডয়ন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল দল ও জাপানের টেকনিশিয়ানরা ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে বিজি ৩৭৭।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত