যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর কাছের একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর-পশ্চিম ওরেগনের একটি মাঠে ছড়িয়ে থাকা হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ পরীক্ষা করেন তদন্তকারীরা।
ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এক সংবাদ সম্মেলনে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডেভ্যান্ট এবং যুক্তরাজ্য থেকে আসা এক প্রশিক্ষণার্থী পাইলট।
পুলিশ জানান, একটি হেলিকপ্টারে ম্যাডি আসবো ও ওই প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। অন্য হেলিকপ্টারটি চালাচ্ছিলেন পাইলট টাইলার স্টারডেভ্যান্ট। কর্মকর্তারা আরো জানান, ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত খামারের জমিতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে একটি লাল রঙের হেলিকপ্টার দুমড়েমুচড়ে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, সবুজ রঙের হেলিকপ্টারটি উল্টে পড়ে ছিল। ম্যাকমিনভিল এলাকাটি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। দুর্ঘটনার কারণে কাছের ২৩৩ নম্বর মহাসড়কের প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ওরেগন পরিবহন বিভাগ এ তথ্য জানায়।
স্থানীয় বাসিন্দা লিও রদ্রিগেজ জানান, নিজের পরিবারের আঙুরের খেত থেকে দুর্ঘটনাটি দেখার পর তিনি জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম কেপিটিভিকে (কেপিটিভি) তিনি বলেন, ‘হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল, ধাতব কিছু ভেঙে পড়ছে। ওপরে তাকিয়ে দেখি, দুটি হেলিকপ্টার মাঝ আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে।’ তিনি বলেন, ‘আমি যা দেখছিলাম, তা বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। হেলিকপ্টার দুটি পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে।’
শেরিফের কার্যালয় দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানায়। পাশাপাশি এই গুরুতর পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সময় দেওয়ার জন্য সবার ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এর তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। পাশাপাশি তদন্তে যুক্ত হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শেরিফ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই ফেডারেল তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছান।
এনটিএসবির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটির একটি ছিল রবিনসন আর-২২। এটি প্রশিক্ষণমূলক ফ্লাইটে ছিল। অন্যটি ছিল এয়ারবাস এএস৩৫০, যা রক্ষণাবেক্ষণের কাজে উড়ছিল। দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারগুলোর একটি পরিচালনা করছিল ‘জেরি ট্রিম্বল হেলিকপ্টারস’। প্রতিষ্ঠানটি হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ দেয় এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য হেলিকপ্টার ভাড়া দেয়। এক বিবৃতিতে কম্পানিটি এ তথ্য জানিয়েছে।
ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
নাবলুসে ইউসুফ (আ.)-এর সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান
ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে তেহরানে কাতারের প্রতিনিধি দল