নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পানিতে গলে গেল ৩০০ বস্তা সার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে তিনশ বস্তা ইউরিয়া সারভর্তি একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে ট্রাকে থাকা সব সার পানিতে গলে গেছে বলে জানা গেছে।

 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরকারপাড়ায় চালক নিয়ন্ত্রণ হারালে সারভর্তি ট্রাকটি খাদে পড়ে যায়।

 

ডিলার আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফ্যাক্টরি থেকে মেসার্স আমজাদ অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠানের (ডিলার) তিনশ বস্তা ইউরিয়া সার নিয়ে একটি ট্রাক মির্জাপুরের উদ্দেশে রওনা দেয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর-কামারপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাকটি কামারপাড়া বাজারের দোকানে যাচ্ছিল। পথে ভাওড়া সরকারপাড়ায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। পানিতে তলিয়ে সব সার গলে গেছে বলে জানান তিনি।

 

মো. আমজাদ হোসেন আরও জানান, লোকজন দিয়ে সার উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সব সার গলে গেছে। এ দুর্ঘটনায় তার প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত