ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সুড়ঙ্গ কমপ্লেক্সে একাধিক স্তর থাকতে পারে বলে ধারণা করছে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস)। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এ সম্ভাবনার কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুড়ঙ্গ কমপ্লেক্সটির প্রবেশপথে উচ্চতার পার্থক্য রয়েছে। আইএসআইএসের বিশ্লেষণ অনুযায়ী, সেখানে দুটি জোড়া সুড়ঙ্গমুখ রয়েছে, যেগুলো একই স্থাপনার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ভূপ্রকৃতির উচ্চতা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পূর্ব দিকের সুড়ঙ্গমুখগুলো পশ্চিম দিকের প্রবেশপথের তুলনায় প্রায় ৫০ মিটার নিচুতে অবস্থিত।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘উচ্চতার এই পার্থক্যের অর্থ হতে পারে স্থাপনাটির একাধিক স্তর রয়েছে। অথবা পশ্চিম দিকের সুড়ঙ্গটি পাহাড়ের নিচ দিয়ে নেমে গিয়ে অন্য সুড়ঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে।’
পাহাড়টির উত্তর ঢালে একটি সম্ভাব্য বায়ু চলাচলের পথ বা ভেন্টিলেশন পোর্টের অস্তিত্বের কথাও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। এর অবস্থান পশ্চিম দিকের সুড়ঙ্গমুখগুলোর প্রায় একই উচ্চতায়।
আইএসআইএসের ধারণা, এই স্থাপনাটি পূর্ব ও পশ্চিম—যেকোনো একটি সুড়ঙ্গ, উভয় সুড়ঙ্গ কিংবা সম্মিলিত সুড়ঙ্গব্যবস্থার বায়ু চলাচলের কাজে ব্যবহার হতে পারে। পাশাপাশি এটি কর্মীদের প্রবেশ ও বের হওয়ার জন্য অতিরিক্ত পথ হিসেবেও ব্যবহৃত হতে পারে।
তবে সুড়ঙ্গ কমপ্লেক্সটির প্রকৃত অভ্যন্তরীণ কাঠামো, স্তরের সংখ্যা কিংবা প্রবেশপথগুলোর পারস্পরিক সংযোগ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস)
পাঠ্যবইয়ে থাকছে না ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মা’
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল, ছড়িয়েছে আট প্রদেশে