‘মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ওপর ইরানি সেনাবাহিনী নিবিড় নজর রাখছে’

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে আগের চেয়ে আরও বড় পরিসরে তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

রোববার (১ নভেম্বর) তেহরানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধু পশ্চিম এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

আকরামিনিয়া আরও বলেন, ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধ আগের যুদ্ধের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘস্থায়ী হতে পারে।

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র জানান, দেশটির সামরিক কৌশলে পরিবর্তন আনার প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। আগে সামরিক অবস্থান মূলত প্রতিরক্ষামূলক হলেও এখন তা আক্রমণাত্মক কৌশলের দিকে এগোচ্ছে। সাম্প্রতিক যুদ্ধেও এই পরিবর্তনের বাস্তব প্রয়োগ দেখা গেছে বলে দাবি করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আকরামিনিয়া বলেছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ওপর ইরানি সেনাবাহিনী নিবিড় নজর রাখছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাহস করে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিন; আমরা যুদ্ধের ভৌগোলিক পরিসর বাড়াচ্ছি।’

সূত্র: মেহের নিউজ এজেন্সি (এমএনএ)

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত