চুক্তি না হলে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় দ্রুত এ হামলা চালাতে সক্ষম।

ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো পিকঅ্যাক্সে হামলা চালাতে হতে পারে। আমরা চাইলে এক ঘণ্টার মধ্যেই, যেকোনো সময় এটি করতে পারি।’

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও নাকচ করেননি তিনি। ট্রাম্পের ভাষায়, তেহরান সমঝোতায় না এলে আবার সংঘাত শুরু হতে পারে। তবে ইরান চুক্তি করতে খুবই আগ্রহী এবং সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘আমি যদি একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সেটিই করতে চাই। এতে অনেক মানুষের জীবন বাঁচবে।’

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এল, যখন এর কিছুক্ষণ আগেই হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করে মার্কিন বাহিনী। এর আগে হরমুজ প্রণালিতে একটি মার্কিন বিমানের দিকে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে ওই কর্মকর্তা দাবি করেন।

ওয়াইএ
আরও পড়ুন