যুদ্ধ এড়ানোর বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: গালিবাফ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

ইরান যুক্তরাষ্ট্রকে শক্তিশালী ও যুক্তিসংগত জবাব দিয়েছে উল্লেখ করে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ এড়ানোর সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে। তবে যেকোনো কৌশলগত ভুলের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ এড়াতে এখন যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে। তেহরান ওয়াশিংটনকে শক্তিশালী ও যুক্তিসংগত জবাব দিয়েছে। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, আঞ্চলিক দেশগুলোর জানা উচিত, ইরান যুক্তরাষ্ট্রকে ‘শক্তিশালী ও যুক্তিসংগত জবাব’ দিয়েছে। যুদ্ধ প্রতিরোধের দায়িত্ব এখন ওয়াশিংটনের ওপর।

তবে একই সঙ্গে ইরানের সামরিক প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। গালিবাফ বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের আঙুল ট্রিগারেই রাখা আছে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো কৌশলগত ভুল করলে মার্কিন সেনাদের নতুন এক যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতে হবে।

গালিবাফের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের পাশাপাশি সামরিক সংঘাতের আশঙ্কাও আলোচনায় রয়েছে। তাঁর বক্তব্যে একদিকে কূটনৈতিকভাবে যুদ্ধ এড়ানোর সুযোগের কথা বলা হয়েছে, অন্যদিকে সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানের বার্তাও দেওয়া হয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন