গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে তাকে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার অভিযোগ অনুযায়ী, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনাটি সে সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এরপর গত ২৬ অক্টোবর শাহজালাল রুমীর পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
১ জানুয়ারি থেকে বিনা টিকিটে জাদুঘর-ঐতিহাসিক স্থাপনা দেখতে পারবে শিক্ষার্থীরা