যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি হেরে গেলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের উত্থাপিত সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন।
সোমবার (২ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে রিপাবলিকানরা ভালো করবে বলে তাঁর বিশ্বাস। তবে দলটি জিততে না পারলে তিনি সবকিছুতে ভেটো দেবেন এবং একের পর এক বিল আটকে দেবেন।
অবশ্য পরে ট্রাম্প বলেন, একটা পর্যায়ে গিয়ে তিনি হয়তো সমঝোতায় পৌঁছাবেন।
নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। তবে জনমত জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসব জরিপকে ‘কারসাজিপূর্ণ’ বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, জরিপ পরিচালনাকারীরা প্রকৃত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন না।
নিজের নির্বাচনি সমাবেশে মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবেও তুলে ধরেছেন ট্রাম্প।
তাঁর আশঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। ট্রাম্পের ভাষায়, তখন দেশ ‘শেষ হয়ে যাবে’।
সুপ্রিম কোর্টের বিচারপতি বাড়ানোর অভিযোগ
সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও অভিযোগ করেন ট্রাম্প। তাঁর দাবি, ডেমোক্র্যাটরা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ করতে চান। এ ছাড়া সিনেটে বিল পাসের ক্ষেত্রে ফিলিবাস্টার প্রথা বাতিল এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সুরক্ষিত অধিকার সীমিত করার পরিকল্পনাও তাঁদের রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে ডেমোক্র্যাটদের কোনো বক্তব্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
পরিবার ও ঘনিষ্ঠদের ক্ষমা করার ইঙ্গিত
পরিবারের সদস্য, হোয়াইট হাউসের কর্মকর্তা কিংবা ধনকুবের ইলন মাস্ক কংগ্রেসের তদন্ত বা সমনের মুখে পড়লে তাঁদের সুরক্ষা দেবেন কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, প্রয়োজনে তাঁদের ক্ষমা করতেও দ্বিধা করবেন না।
এ প্রসঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওই ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৫০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প।
সূত্র: আনাদোলু এজেন্সি
ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে চান ৪৮ শতাংশ মার্কিনি
ট্রাম্প 'কার্ড' কি তাহলে ‘লাল কার্ড’ পেতে যাচ্ছেন?
বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান