‘কেন ইরান যুদ্ধ শুরু, এখনো কেন চলছে?’ প্রশ্ন টেক্সাসের ভোটার মনিকার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ৪৬ বছর বয়সী ভোটার মনিক ওরেলানার কাছে দলমত-নির্বিশেষে সব প্রার্থীর প্রত্যাশা একটাই—‘নিজেদের কাজ করুন!’

তিনি বলেন, রিপাবলিকানরা তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করতে পারলে তিনি তাঁদের ভোট দিতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটির ওপর সেই আস্থা পাচ্ছেন না।

মনিকের অভিযোগ, প্রার্থীরা নিজেদের নীতি ও পরিকল্পনা তুলে ধরার বদলে একে অপরকে নিয়ে কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণে ব্যস্ত। এ প্রসঙ্গে তিনি ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস টালারিকোকে নিয়ে তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কেন প্যাক্সটনের দেওয়া ‘টালাফ্রিকো’ উপহাসমূলক ডাকনামের কথা উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই নাম ব্যবহার করেছেন।

ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও হতাশা প্রকাশ করেন মনিক। তাঁর ভাষায়, ট্রাম্প বলেছিলেন, তিনি যুদ্ধ শুরু করবেন না; অথচ শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়েছে। একইভাবে ক্ষমতায় ফেরার প্রথম দিন থেকেই নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবে দাম বেড়েছে।

মনিকের প্রশ্ন, কেন ইরান যুদ্ধ শুরু করা হলো এবং এখনো কেন তা চলছে? যুদ্ধের উদ্দেশ্য ও এর দীর্ঘায়িত হওয়ার কারণ তাঁর কাছে স্পষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে তাই তাঁর ভরসা কেবল আশা।

টেক্সাসের এই ভোটারের বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতি, যুদ্ধনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের প্রতিফলন দেখা যায়।

এমইউ
আরও পড়ুন