যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করাটাই বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘মনে হয়, নির্বাচনে হস্তক্ষেপের জন্য আমার মহাকাশের লেজারগুলো এবার কাজ করেনি।’ তার এই মন্তব্যকে রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয় এবং নিজের রাজনৈতিক প্রভাব নিয়ে ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফল সামনে আসার পর মাস্কের এসব মন্তব্য আসে। টেক্সাসে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের সাফল্য বিশেষভাবে আলোচনায় এসেছে। ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো রিপাবলিকান কেন প্যাক্সটনকে পরাজিত করে সিনেট আসনটি জয় করেন। এর মধ্য দিয়ে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো টেক্সাসে কোনো ডেমোক্র্যাট রাজ্যব্যাপী নির্বাচনে জয় পেলেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্যাক্সটনের নির্বাচনী প্রচারে অন্তত ২১ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেছিলেন মাস্ক। টেক্সাসের এই নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণও ছিল অর্ধবিলিয়ন ডলারের বেশি। এত বিপুল অর্থ ব্যয়ের পরও প্যাক্সটনের পরাজয় মাস্কের রাজনৈতিক বিনিয়োগের কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
প্যাক্সটন ছিলেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল। তার বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি বিতর্ক ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে সমর্থন দিয়েছিলেন। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী তালারিকো জীবনযাত্রার ব্যয় কমানো এবং প্যাক্সটনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়গুলো নির্বাচনী প্রচারে গুরুত্ব দেন। টেক্সাসে শুধু সিনেট নির্বাচনেই নয়, গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটরা জয় পেয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন। তিনি টেক্সাসের ইতিহাসে প্রথম লাতিনা নারী গভর্নর হতে যাচ্ছেন।
মাস্কের ‘মহাকাশে ডেটা সেন্টার’ মন্তব্যটি এই গভর্নর নির্বাচনের সঙ্গেও সম্পর্কিত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিনোজোসা টেক্সাসে ডেটা সেন্টার সম্প্রসারণের বিরোধিতা করেছেন। এসব স্থাপনার বিদ্যুৎ ও পরিবেশগত প্রভাব নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ রয়েছে। ফলে তার বিজয়ের পর মাস্কের মন্তব্যকে ডেটা সেন্টার স্থাপনের রাজনৈতিক ও স্থানীয় বিরোধিতার প্রতি ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে।
অন্যদিকে ‘মহাকাশের লেজার’ নিয়ে মাস্কের মন্তব্যটি স্পষ্টতই ব্যঙ্গাত্মক। নির্বাচনে তার বিপুল অর্থ ব্যয় এবং রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের প্রেক্ষাপটে তিনি নিজের রাজনৈতিক প্রভাব নিয়েই রসিকতা করেছেন। মাস্কের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা হচ্ছে। রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও টেক্সাসে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তার রাজনৈতিক কৌশল কতটা কার্যকর, সেই প্রশ্ন সামনে এসেছে।
সূত্র: আলজাজিরা, এনডিটিভি, রয়টার্স
মিশিগানের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ
আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে: বারাক ওবামা
নির্বাচনে হারের জন্য এবার ফক্স নিউজকে দায়ী করলেন ট্রাম্প