হরমুজে চলাচলে চার দেশকে বিশেষ ছাড় দিলো ইরান, নেপথ্যে কী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

হরমুজ প্রণালিতে অবাধ চলাচলের জন্য চারটি দেশকে বিশেষ ছাড় দিয়েছে ইরান। তারা হলো–ভারত, চীন, ইরাক ও কাতার। গত মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির এক আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সহ-সভাপতি আমির হায়াত মোকাদ্দাম ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) জানান, ‘এই দেশগুলোর জাহাজ অবাধে চলাচল করছে এবং আমেরিকানরাও সেগুলোতে বাধা দিচ্ছে না।’

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরপরই কৌশলগতভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর জবাবে জুলাইয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে পুনরায় নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

হায়াত মোকাদ্দামের মতে, এই ছাড়ের বিনিময়ে ভারত থেকে ওষুধ এবং চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাবে ইরান। কাতার ইতোমধ্যেই ইরানকে কূটনৈতিক সমর্থন দিচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতা করছে।

তিনি আরও জানান, ভারত ও চীনের জাহাজ থেকে ট্রানজিট ফি সংগ্রহ করবে তেহরান, তবে কাতারের জাহাজগুলো বিনা ফি-তে চলাচল করতে পারবে। তবে ইরাকি জাহাজগুলোকে টোল দিতে হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

লুনড ইউনিভার্সিটির ইতিহাস ও মানবাধিকার অধ্যায়ন বিভাগের গবেষক এবং ইরান বিশেষজ্ঞ রুজবেহ পারসি আল জাজিরাকে বলেন, ‘আইনপ্রণেতা যে যুক্তির কথাই বলুন না কেন—মূল প্রশ্ন হলো এটি আসলেই কাজ করছে কি না, আর করলেও তা কতটুকু?’

তিনি আরও যোগ করেন, ‘ইরান দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞার মুখে রয়েছে, তাই বাণিজ্যে পণ্য বিনিময় কোনও নতুন বিষয় নয়। তবে এবারের পার্থক্যটি হলো, একটি অবরোধের ফাঁক গলে গুরুত্বপূর্ণ পণ্য বা সেবা আদান-প্রদান নিশ্চিত করা।’

জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, ‘সম্ভবত তেহরান কোনও ধরনের বাধা ছাড়াই জাহাজগুলোকে যেতে দেয়ার বিনিময়ে ট্রানজিট ফি অথবা পণ্যের মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ চার্জ করছে।’

নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক এবং লিবিয়ায় অস্ট্রিয়ার সাবেক ডিফেন্স অ্যাটাশে উলফগ্যাং পুশতাই আল জাজিরাকে বলেন, ‘কয়েকটি কারণে তেহরানের এই পদক্ষেপটি বেশ চাতুর্যপূর্ণ। এই পদক্ষেপ সফল হলে তা থেকে ইরানের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে। কারণ ইরানের অপরিশোধিত তেলের একক বৃহত্তম ক্রেতা চীন। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই কিনে থাকে তারা।’

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত