ইরান যুদ্ধ বন্ধে চীনকে যুক্তরাষ্ট্রের অনুরোধ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে দেশটির ওপর প্রভাব খাটাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনকে এ অনুরোধ জানান। বেইজিং ইতিমধ্যে সেই বার্তা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরানকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধে রাজি করাতে চীনের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে চায় ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন ভাই প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত মাসে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি সমঝোতামূলক চিঠিও পাঠিয়েছিলেন তিনি।

কাতারের কর্মকর্তা আলী আল-থাওয়াদি, যিনি তেহরানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে হোয়াইট হাউসের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, বলেছেন—মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল ওয়াশিংটনের ইরাননীতি বদলেছে কি না, তা পর্যবেক্ষণ করছে তেহরান।

আল-থাওয়াদির ভাষায়, ‘ইরানের নেতারা অপেক্ষা করছেন, এই নির্বাচন সত্যিই আমেরিকার আচরণে কোনো পরিবর্তন এনেছে কি না, তা দেখার জন্য।’

তিনি আরও বলেন, ভ্যান্সের চিঠিকে ইরান সম্মান প্রদর্শনের একটি ইঙ্গিত হিসেবে দেখেছে। যুদ্ধকে ভুল সিদ্ধান্ত বলার জন্যও ভ্যান্সের বক্তব্যকে ইতিবাচকভাবে নিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে চায় ইরান।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকেও ট্রাম্প ইরান ইস্যুতে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছিলেন। মার্কিন এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, শি ব্যক্তিগত আলোচনায় ট্রাম্পকে বলেছেন, ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়—এ বিষয়ে তিনি একমত।

আগামী ১৮ নভেম্বর চীনের শেনজেনে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও যুদ্ধ বন্ধের বিষয়টি আবারও আলোচনায় আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনের কাছে যুক্তরাষ্ট্রের এই আহ্বান ইরান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতার নতুন দিক তুলে ধরেছে। তবে বেইজিংয়ের বার্তায় তেহরানের প্রতিক্রিয়া কী এবং তা আলোচনায় কোনো অগ্রগতি আনবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত