সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা, পরীমণিকে আইনি নোটিশ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

সাংবাদিকদের হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে (শামসুন্নাহার স্মৃতি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

পাশাপাশি চলচ্চিত্র, ভিডিওসহ যেকোনো মাধ্যমে অশ্লীল কথাবার্তা, হুমকি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি কিংবা নগ্ন ও অশালীন নাচ-গান থেকে ভবিষ্যতে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষামূলক মূল্য নেই।

এ ছাড়া নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। সকাল ১১টা ৪০ মিনিটে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়।

এ সময় পরীমণি ‘সমকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন এবং তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা রবিউলের ভিডিও ট্রাইপড ভেঙে ফেলেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। ধাক্কাধাক্কির ঘটনায় ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল কাউছার, ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন এবং ‘টাইমস টুডে’র শাহ রিয়াজ আহত হন।

এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্ত বের হওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়। নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। একাধিক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে পেশিশক্তি প্রদর্শন কিংবা আদালতের পরিবেশ নিয়ন্ত্রণের কোনো আইনি সুযোগ কারও নেই।

নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমণি ডান হাত জন্মগতভাবে বিকলাঙ্গ (বাঁ হাতের চেয়ে ছোট এবং তিনটি আঙুল নেই) সাংবাদিক রবিউল হোসাইনের দিকে তেড়ে যান।

এ সময় তিনি রবিউলকে ‘এদিকে আয়, আমার হাত এভাবে ধরলি কেন?’ বলে গালিগালাজ করেন এবং ‘তোকে পিষে মেরে ফেলব’ বলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও দাবি করা হয়।

নোটিশে বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে পরীমণির এমন আচরণ শুধু পেশাগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নোটিশে অভিযোগ করা হয়, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে সংগীত হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট করেছেন। এসব কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নেতিবাচক ও সমালোচনামূলক মন্তব্য করছেন।

এমইউ
আরও পড়ুন