ইরানের বিরুদ্ধে দাঁড়ানো যেকোনো শক্তির পরিণতি হবে ব্যর্থতা: শেকারচি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো শক্তি শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তার দাবি, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগ, সামরিক হুমকি ও আগ্রাসনের কৌশল ইরানের নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তার কাছে ব্যর্থ হয়েছে।

রোববার (৮ নভেম্বর) তেহরান থেকে প্রকাশিত মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে শেকারচির এ বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ও তার মিত্রদের রাজনৈতিক ও নির্বাচনী বিপর্যয় কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন নয়; বরং ইরানের মনোবল ভাঙতে ওয়াশিংটনের ব্যর্থতারও ইঙ্গিত বহন করে।

শেকারচির ভাষ্য, আগ্রাসন, হত্যাকাণ্ড, সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং সামরিক কৌশলের মাধ্যমে ইরানকে দুর্বল করার মার্কিন প্রচেষ্টা দেশটির প্রতিরোধক্ষমতা ও নেতৃত্বের অটল অবস্থানের কারণে সফল হয়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক মর্যাদা ক্ষয়ের দাবি

ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, তেহরানের প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতি, বিশ্বজুড়ে বিশেষ করে পশ্চিম এশিয়ায় ধারাবাহিক বিপর্যয়, সামরিক মর্যাদা ক্ষয় এবং হুমকি বাস্তবায়নে ব্যর্থতা হোয়াইট হাউসের ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্প ও তার কঠোর অবস্থানের মিত্ররা একটি প্রাচীন ও গর্বিত জাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি উল্টে গিয়ে তারা নিজেরাই কৌশলগত ক্ষয়, গভীর অভ্যন্তরীণ সংকট এবং ইরানের সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টের কাছে পরাজয়ের মুখে পড়েছেন।

শেকারচির দাবি, ইরানের শক্তি ও দৃঢ়তার মুখোমুখি হওয়া যেকোনো দেশ বা শক্তিকে শেষ পর্যন্ত পতন ও আন্তর্জাতিক পরিসরে বিশ্বাসযোগ্যতা হারানোর পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, এই কৌশলগত পরিস্থিতি প্রমাণ করে, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য সব সময় আধিপত্যবাদী শক্তিগুলোর অনুকূলে থাকে না।

জেএম
আরও পড়ুন