ফস্টার কেয়ার বা পালক পরিচর্যায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ৭২ লাখ ডলারের বৃত্তি তহবিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প । ‘ফস্টারিং দ্য ফিউচারের’ আওতায় এই তহবিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও শিক্ষাসংশ্লিষ্ট অন্যান্য ব্যয় মেটাতে পারবেন শিক্ষার্থী।
এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটির লুইজিয়ানা স্টেট ও আলাবামার মধ্যকার ফুটবল ম্যাচের আগে এ তহবিলের ঘোষণা দেন মেলানিয়া। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে লুইজিয়ানা ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে একটি বিশেষ বক্সে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায়।
ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া বলেন, এই অর্জন পালক পরিচর্যায় বেড়ে ওঠা তরুণদের স্থিতিশীলতার ভিত্তি, শক্তিশালী শিক্ষাগত ভিত এবং সুন্দর জীবন গড়ে তোলার সুযোগ দেবে।
এই কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষার সুযোগ তরুণদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তার ভাষায়, ‘একটি ভালো শিক্ষা শুধু কর্মজীবনের প্রস্তুতিই দেয় না, বরং এমন কিছু দেয়, যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। একজন তরুণকে বিশ্বমানের শিক্ষার চেয়ে শক্তিশালী উপহার আর কিছুই দেওয়া সম্ভব নয়।’
‘বি বেস্ট’ উদ্যোগের আওতায় পরিচালিত ‘ফস্টারিং দ্য ফিউচার’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছেন মেলানিয়া।
এর লক্ষ্য হলো, পালক পরিচর্যা ব্যবস্থায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ তৈরি করা।
ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা, ইউনিভার্সিটি অব টেক্সাসসহ বর্তমানে দেশতে ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এ কর্মসূচির অংশীদারি রয়েছে।
ইসরায়েলের ধ্বংস ঠেকাতে, ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর
‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প