টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া, দেলদুয়ার ও পাথরাইল—এই তিন ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত পরেশ সাধুর দহ পারাপার করতে হয় একটি বাঁশের সাঁকো দিয়ে। নড়বড়ে সেই সাঁকো পাড়ি দিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। উপজেলার নান্দুরচকবাজার ও পাথরাইলের টেঘুরি এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দহটি এখন ওই অঞ্চলের মানুষের জন্য এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো হওয়ায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের চরম বিপাকে পড়তে হয়।
সরেজমিন দেখা যায়, উপজেলার গাদতলা-টেঘুরি সড়কের আতিয়া, দেলদুয়ার ও পাথরাইল—এই তিন ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত পরেশ সাধুর দহ’র দুপাশেই রয়েছে পাকা সড়ক। কিন্তু মাঝখানে দহের ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় এই পাকা সড়ক দিয়ে সরাসরি কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত দুপাশের পাকা সড়ক এখন স্থানীয়দের তেমন কাজে আসছে না।
স্থানীয়রা জানান, এই অঞ্চলে প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হয়। কিন্তু সেতুর অভাবে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সঠিক সময়ে বাজারে বা জেলা সদরে নিয়ে যেতে পারছেন না। এতে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া এলাকায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো অন্তঃসত্ত্বা নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হলে এই নড়বড়ে বাঁশের সাঁকো পার করা অসম্ভব হয়ে পড়ে। ফলে চিকিৎসাসেবা পেতে বিলম্ব হওয়ায় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, এই অঞ্চলের মানুষকে টাঙ্গাইল জেলা সদরে যেতে হলে বিকল্প সড়কে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। এতে একদিকে যেমন অতিরিক্ত প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় অপচয় হচ্ছে, অন্যদিকে যাতায়াত ও পরিবহন খরচও বাড়ছে কয়েক গুণ। অথচ পরেশ সাধুর দহের ওপর মাত্র একটি সেতু নির্মাণ করা হলে জেলা সদরের দূরত্ব ও যাতায়াতের সময় দুই-ই এক ধাক্কায় অর্ধেকে নেমে আসত। বাঁচত মানুষের শ্রম, সময় ও অর্থ।
নান্দুরিয়া গ্রামের আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন আগে গাদতলা-টেঘুরি সড়কটি পাকা করা হয়েছে। আমরা ভেবেছিলাম আমাদের দুঃখ ঘুচবে। কিন্তু পরেশ সাধুর দহে কোনো সেতু না থাকায় এ সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারে না। পণ্য আনা-নেওয়া বা জরুরি যাতায়াতের কোনো সুযোগ এখানে নেই। জাঙ্গালিয়া গ্রামের সাগর মিয়া, মুকুল হোসেন ও আবেদ আলীসহ অনেকেই জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে এই জায়গায় সেতু নির্মাণের আশ্বাস দেন। কিন্তু ভোট চলে গেলে কাজের কাজ কিছুই হয় না, সবাই সব ভুলে যান।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন এবং এই অঞ্চলের মানুষের দুর্ভোগের বিষয়টি অনুধাবন করতে পারছেন। অগ্রাধিকার ভিত্তিতে ওই স্থানে সেতু নির্মাণে প্রকল্প গ্রহণ করতে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা নেওয়া হবে। সেইসাথে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে এবং একটি সেতু অনুমোদনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশেষে চাকরি ফেরত পেলেন দুদকের সেই শরীফ উদ্দিন
আতঙ্কে পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে
শেখ হাসিনা বেঁচে আছেন না-কি মারা গেছেন, জানি না: নুর