ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের কাছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এ অর্থ আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি। নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার কথা বলা হয়েছে।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই। গণমাধ্যমকে তিনি জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম সচল না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়েছে।
এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সংকটে কারখানার কার্যক্রম
ব্যবসায়িক সংকটের মধ্যে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও সার্বিক কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা হয়েছে। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া মেলেনি। কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি তিনি।
শতকোটি টাকার সিনেমা থেকে ঋণের চাপ
২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় অনন্ত জলিলের। একই সঙ্গে নায়ক ও প্রযোজকের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন তিনি। এরপর ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা নির্মাণ ও অভিনয়ের সঙ্গে যুক্ত হন।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট নিয়েও ব্যাপক আলোচনা হয়। অনন্ত জলিল তখন ছবিটির বাজেট ১০০ কোটি টাকা বলে দাবি করেছিলেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির শুটিং হয় তুরস্ক, আফগানিস্তান ও ইরানে।
চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরে শিল্প ও ব্যবসা খাতে সক্রিয় অনন্ত জলিল। তবে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন আর্থিক সংকটে পড়েছে বলে বিভিন্ন তথ্য সামনে আসছে।
অনন্ত জলিলের ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাঁর ব্যবসায়িক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
ফ্রিজ সামলাতেও অক্ষম ফ্রান্স: ইরান
পারমাণবিক স্থাপনার কাছে আয়োডিন ট্যাবলেট বিতরণের খবর নাকচ করলো ইরান