পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন থেকে শুরু হবে রোজা।
বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে জমাদিউস সানি মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
হিজরি বর্ষপঞ্জিতে জমাদিউস সানি ষষ্ঠ মাস। এর পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হওয়ার পর শুরু হবে পবিত্র রমজান।
চন্দ্রবর্ষের হিসাবে হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়। এ কারণে রমজান শুরুর সুনির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রবর্ষের কারণে গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।
তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।
নিখোঁজের ছয় দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার