পবিত্র রমজান মাস উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ও গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে আগের অবস্থায় অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

