ইরানের সেরিক এলাকার একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স নির্ভুল হামলা চালিয়ে রাডারটি ধ্বংস করেছে।
বিবৃতিতে বলা হয়, বাহরাইনে অবস্থিত রাডারটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পদ। ইরানের সেরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে শত্রুপক্ষের বিমান হামলার সরাসরি জবাব হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে ইরানের জনগণের উদ্দেশে বলা হয়, আট মাস ধরে নিপীড়ন ও ‘বিশ্বের ঔদ্ধত্যপূর্ণ শক্তির’ বিরুদ্ধে অবিচল প্রতিরোধ এক ঐতিহাসিক অধ্যায়ে পরিণত হয়েছে। এই প্রতিরোধ বিভিন্ন দেশের জনগণকে জাগ্রত করেছে এবং বহু দেশের তরুণদের আন্দোলিত করেছে বলেও দাবি করা হয়।
আইআরজিসি আরও জানায়, আল্লাহর ওপর আস্থা এবং জনগণের সমর্থন নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে সাফল্য অর্জন অব্যাহত রেখেছে।
বাহরাইনে রাডার ধ্বংসের অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে বিমান হামলার উসকানি এবং তেল পাচার বন্ধ করতে হবে। এ ধরনের লঙ্ঘন বা আগ্রাসন আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ‘কোনো সীমাবদ্ধতা ছাড়াই’ অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, যেসব কোম্পানি শত্রুপক্ষের প্ররোচনায় কাজ করবে, তাদের আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে।
আইআরজিসির দাবি, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানি বাহিনী একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় আগাম সতর্কীকরণ রাডার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও লক্ষ্যবস্তু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে যুদ্ধের সূচনা ২৮ ফেব্রুয়ারি বলে উল্লেখ করে আইআরজিসি দাবি করেছে, ওই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন শুরু করে।
এর আগে ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে তার জবাব ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে বিস্তৃত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান কঠোর অবস্থান বজায় রাখবে বলে তারা জানিয়েছে।
ইরানকে মোকাবিলায় ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে সৌদি আরব
প্রেমের ফাঁদে গোপন তথ্য চুরি: গুপ্তচরবৃত্তিতে হানি ট্র্যাপের দীর্ঘ ইতিহাস