ইরানের কাছে পারমাণবিক তথ্য চায় জাতিসংঘ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে তেহরানের প্রতি নতুন আহ্বান জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। এ জন্য ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মতে, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি পুনরায় চালু করা এখন অত্যন্ত জরুরি।

শুক্রবার (১৩ নভেম্বর)  এএফপির হাতে আসা আইএইএর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আগামী সপ্তাহে সংস্থাটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় প্রবেশের সুযোগ পাচ্ছেন না আইএইএর পরিদর্শকেরা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া নতুন যুদ্ধেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। এ পরিস্থিতিতে বারবার পরিদর্শনের সুযোগ চেয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে আইএইএর মহাপরিচালক ইরানকে কারিগরি ও পর্যায়ক্রমিক কিছু পদক্ষেপ বিবেচনার আহ্বান জানিয়েছেন। এসব পদক্ষেপের মাধ্যমে পরিদর্শকদের ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

আইএইএর ভাষ্য, এ ধরনের উদ্যোগ ইরানে স্বাভাবিক পারমাণবিক সুরক্ষা ও নজরদারি কার্যক্রম পুনরায় চালুর পথ তৈরি করতে পারে। একই সঙ্গে বৃহত্তর কোনো সমঝোতার জন্য পারস্পরিক আস্থা তৈরিতেও সহায়ক হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইএইএ ও ইরানের মধ্যে এ বিষয়ে বেশ কয়েক দফা যোগাযোগ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সুযোগ পেয়েছিলেন আইএইএর কর্মকর্তারা। তবে অন্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে এখনো প্রবেশ করতে পারেননি তারা।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার ঘটনাকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে স্বীকার করেছে আইএইএ। তবে তেহরানের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা ও তথ্য বিনিময় না থাকায় দেশটির ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে সরিয়ে নেওয়া হয়নি-এমন নিশ্চয়তা দিতে পারছে না সংস্থাটি।

আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থান এবং তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় স্থাপনাগুলোতে প্রবেশাধিকার না থাকায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের ক্ষেত্রে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত এই পরিস্থিতির সমাধান প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত সেপ্টেম্বরে পারমাণবিক চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেয় আইএইএর পরিচালনা পর্ষদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার অভিযোগে প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন পরিস্থিতির মুখে পড়ে তেহরান।

এদিকে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল বলে হিসাব দিয়েছিল আইএইএ। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ সমৃদ্ধির কাছাকাছি না হলেও এই মাত্রা ২০১৫ সালের পরমাণু চুক্তিতে নির্ধারিত ৩ দশমিক ৬৭ শতাংশ সীমার অনেক ওপরে।

তবে হামলার পর থেকে ওই বিপুল ইউরেনিয়াম মজুতের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থাটি।

ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত