ইরানের ইসফাহানে অবস্থিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের অবস্থান, কার্যক্রম ও সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না—এসব বিষয়ে নিশ্চিত হতে পারছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। কেন্দ্রটিতে পরিদর্শনের অনুমতি না পাওয়ায় উদ্বেগ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি।
শুক্রবার প্রকাশিত আইএইএর একটি গোপনীয় প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরান ঘোষিত ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের (আইএফইপি) সঠিক অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
প্রতিবেদনে আইএইএ বলেছে, কেন্দ্রটির বিষয়ে তারা ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ অনুভব করছে। ইরান এখনো সেখানে পরিদর্শনের সুযোগ দেয়নি।
ইরান ২০২৫ সালের ১২ জুন আইএইএকে ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের কথা জানিয়েছিল। পরদিন ১৩ জুন কেন্দ্রটি পরিদর্শনের পরিকল্পনা ছিল সংস্থাটির। কিন্তু ওই দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণ শুরু হওয়ায় পরিদর্শন আর সম্ভব হয়নি।
কূটনীতিকদের ধারণা, কেন্দ্রটি ইসফাহানের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্সের মধ্যে অবস্থিত হতে পারে। ওই সুড়ঙ্গগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তবে কেন্দ্রটির সুনির্দিষ্ট অবস্থান ও বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য নেই।
স্যাটেলাইট চিত্রে ওই সুড়ঙ্গ এলাকার আশপাশে যানবাহনের চলাচল শনাক্ত হয়েছে। সেখানে ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আইএইএ নিশ্চিত করতে পারেনি, নতুন ঘোষিত সমৃদ্ধকরণ কেন্দ্রটির ভেতরে কোনো পারমাণবিক উপাদান রয়েছে কি না।
২০২৫ সালের জুনে হামলার আগে আইএইএর হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এই মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধির নিচে হলেও স্বাভাবিক বেসামরিক ব্যবহারের মাত্রার তুলনায় অনেক বেশি।
কিন্তু হামলার পর থেকে ওই ইউরেনিয়ামের বর্তমান অবস্থান, পরিমাণ ও গঠন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আইএইএ। সংস্থাটির পরিদর্শকেরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের সুযোগ পাননি।
আইএইএ বলছে, পারমাণবিক উপাদানের হিসাব ও স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ না থাকায় ইরানের ঘোষিত পারমাণবিক উপাদানের কোনো অংশ শান্তিপূর্ণ কার্যক্রম থেকে অন্য কাজে সরানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া সম্ভব হচ্ছে না।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানকে ধাপে ধাপে পরিদর্শনব্যবস্থা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, প্রাথমিক পর্যায়ে কারিগরি ও ধীরগতির পদক্ষেপের মাধ্যমে পরিদর্শকদের ফেরার পরিবেশ তৈরি করা সম্ভব। এতে স্বাভাবিক নজরদারি পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বৃহত্তর সমঝোতার পথও তৈরি হতে পারে।
অন্যদিকে, ইরানের বক্তব্য, দেশটির পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা এবং নতুন হামলার হুমকির মধ্যে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করা কঠিন। তেহরান বলেছে, সংকটের কারণগুলো দূর করে নিরাপত্তা ও সুরক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
গত সেপ্টেম্বর আইএইএর গভর্নরস বোর্ড ইরানের পারমাণবিক বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেয়। পারমাণবিক কার্যক্রমের তথ্য ও পরিদর্শনসংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তবে ইসফাহানের কেন্দ্রের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে অনিশ্চয়তা, সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে বিরোধ নতুন করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
ইরানের কাছে পারমাণবিক তথ্য চায় জাতিসংঘ
মাধবপুরে গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত
মেসিবিহীন আর্জেন্টিনার নতুন পরীক্ষা কাল উরুগুয়ের বিপক্ষে, খেলা দেখবেন যেভাবে
মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুলের