অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক সুরক্ষা তদারকি সম্ভব নয়: ইরান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে স্বাভাবিক পরিদর্শন কার্যক্রম ব্যাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান না করে পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব নয় বলেও জানিয়েছে দেশটি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সমালোচনা করে ইরান বলেছে, তেহরানের বিরুদ্ধে ‘কারিগরি ও আইনগতভাবে ত্রুটিপূর্ণ’ প্রস্তাবের ওপর ভিত্তি করে সংস্থাটির প্রতিবেদন তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে স্বাভাবিক পরিদর্শন কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি করেছে দেশটি। ভিয়েনায় অবস্থিত ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

এর একদিন আগে আইএইএ সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা এক প্রতিবেদনে ইরানের প্রতি সংস্থাটির পরিদর্শকদের পুনরায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানায়। ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্ব পালনের জন্য পরিদর্শন কার্যক্রম পুনরায় চালু করা জরুরি বলে উল্লেখ করে সংস্থাটি।

ইরানের মিশন বলেছে, দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ফলে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পরিদর্শন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং আইএইএকে তার পরিদর্শকদের প্রত্যাহার করতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, পরিদর্শন কার্যক্রমে বিঘ্ন ঘটার বিষয়টি আইএইএর মহাপরিচালক গ্রোসিও স্বীকার করেছেন। ইরানের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত স্বাভাবিক সুরক্ষা তদারকি কার্যক্রমে ফিরে যাওয়া সম্ভব নয়।

ইরানের মিশন আরও বলেছে, ‘অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক সুরক্ষা তদারকি কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয়, হবেও না।’ সংস্থাটির পরিচালনা পর্ষদকে সংকটের মূল কারণগুলো মোকাবিলার আহ্বান জানিয়েছে তেহরান। তবে বিবৃতিতে কোন কোন নিরাপত্তা শর্ত পূরণ হলে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু হতে পারে, তা বিস্তারিত জানানো হয়নি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত