নাশকতা মামলার আসামি আ. লীগের মৃত নেতা!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

মৃত্যুর প্রায় সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নাশকতার মামলায় আসামি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জহিরুল হক সামচু ঢালী। গত ২৯ মার্চ তার মৃত্যু হলেও গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে ২১৯ নম্বর আসামী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। অথচ তার মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার মামলায় তাকে আসামি করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়।

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে তারা সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্র জানায়, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’

মামলার বাদি পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদি। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। আসামির বাড়ি শিবচরে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে।’

এই বিষয় জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেএম
আরও পড়ুন