আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে চলমান তদন্তের সংশ্লিষ্ট অংশ আনুষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা। একই সঙ্গে ২০২১ সালের পর তালেবানের কর্মকাণ্ড নিয়ে পৃথক তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া খোরাসান প্রদেশভিত্তিক ইসলামিক স্টেটের (আইএসকেপি) বিরুদ্ধে পুরোনো তদন্তের নথিও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত আদালতের নথিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিচারকদের মতে, তালেবান-সংশ্লিষ্ট তদন্তের বাইরে অন্য অভিযোগগুলো কার্যকরভাবে তদন্ত এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের সক্ষমতা কৌঁসুলির দপ্তর দেখাতে পারেনি।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে আইসিসির কৌঁসুলির দপ্তর। বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বিষয়টি নিশ্চিত করেছে দপ্তরটি।

হেগভিত্তিক আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। মার্কিন সেনাদের বিরুদ্ধে আফগানিস্তানে অপরাধের অভিযোগের তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় ওয়াশিংটন আদালটির বর্তমান ও সাবেক ১৩ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমেরিকানদের বিচার করার সুযোগ দেবেন না।’

অক্টোবরে দেওয়া এক বিবৃতিতে রুবিও আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকানরা আর হুমকির মুখে না থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্র ইটের পর ইট খুলে আইসিসিকে ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে।’

তদন্তের একটি অংশ বন্ধের সিদ্ধান্তে ওয়াশিংটনের আইসিসিবিরোধী অবস্থানে পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং আদালতের এখতিয়ারও স্বীকার করে না। তবে আইসিসির রোম সংবিধি অনুযায়ী, সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি অন্য দেশের নাগরিক হলেও আদালত তার বিচার করতে পারে।

আফগানিস্তানে আইসিসির তদন্ত শুরু হয় ২০২০ সালে। এতে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।

২০২১ সালে তৎকালীন প্রধান কৌঁসুলি করিম খান প্রমাণ সংগ্রহের জটিলতার কথা উল্লেখ করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকারের তালিকায় নিচে রাখার ঘোষণা দেন। পরে তদন্তের বিভিন্ন অংশ আলাদা করার প্রক্রিয়া শুরু হয়।

এ বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগের পর করিম খান আইসিসি থেকে সরে যান। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তদন্ত বন্ধের সাম্প্রতিক সিদ্ধান্তের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র আদালতের নথিতে উল্লেখ করা হয়নি।

আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তে পুরোনো তদন্তের আওতায় থাকা মার্কিন সেনা ও আইএসকেপি-সংক্রান্ত অনুসন্ধানের নথি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে পৃথক তদন্ত চলবে। তালেবানের চার নেতার বিরুদ্ধে আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত