যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় প্রায় পাঁচ ঘণ্টার বড় ধরনের বিপর্যয়ের জন্য দায়ী হতে পারে একটি রাউটার। সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস (L3Harris) স্থাপন করা ওই রাউটারের ত্রুটির কারণেই দেশটির আকাশপথে যোগাযোগব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
শুক্রবার থেকে এ ঘটনায় যুক্তরাষ্ট্রে ২০ হাজারের বেশি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার পুরোনো টেলিযোগাযোগ অবকাঠামোর দুর্বলতা এবং পুরোনো ব্যবস্থা সচল রেখে নতুন প্রযুক্তি চালুর জটিলতা আবারও সামনে এসেছে এ ঘটনায়।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি শনিবার বলেন, ‘এটি এমন একটি এফএএ ব্যবস্থা, যা পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারেনি।’
তিনি জানান, শুক্রবার এলথ্রিহ্যারিস পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার-অপটিক লাইন চালুর নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছিল। অন্তত একটি দূরবর্তী স্থাপনায় এ কাজ চলছিল। তবে আরকানসাস ও টেক্সাসে স্থাপন করা রাউটারগুলোতে সমস্যা হয়ে থাকতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ডাফি বলেন, সমস্যাটি ব্যবহারকারীর ভুল, স্থাপনকারীর ত্রুটি, নাকি ত্রুটিপূর্ণ রাউটার বসানোর কারণে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো ত্রুটির সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি।
এলথ্রিহ্যারিস এক বিবৃতিতে জানায়, বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বন্ধ রাখার পরিস্থিতি কেন তৈরি হয়েছিল, তা জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) তদন্তে সহায়তা করছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা থেকে ফাইবার-অপটিক ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পিত কাজের ৭০ শতাংশের বেশি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা করে অন্য রাউটারগুলোর ওপর চাপ তৈরি করছিল। এতে এফএএর বিভিন্ন কেন্দ্রে উড়োজাহাজ ও রাডারের মধ্যে তথ্য আদান-প্রদানে সমস্যা দেখা দেয়।
দেশটির ২২টি এন-রুট কেন্দ্রের মধ্যে ১৭টিতে যোগাযোগব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। সমস্যার মূল কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে না পারায় নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এফএএ।
এফএএর কর্মকর্তারা জানিয়েছেন, যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে কেন্দ্রগুলোতে তথ্য আদান-প্রদানের স্থিতিশীলতা নষ্ট হয়েছিল। ফলে কেন্দ্রগুলো অচল হয়ে পড়েনি, কিন্তু নিরাপদে বিমান চলাচল পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
ডাফি জানান, যে রাউটারগুলো বদলানো হচ্ছিল, সেগুলোর বয়স প্রায় ২৫ বছর। ২০০৬ সালেই এগুলো প্রতিস্থাপনের কথা ছিল।
পুরোনো প্রযুক্তির কারণে বারবার বিপর্যয়
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২৩ সালে সরকারি এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলে গুরুত্বপূর্ণ কিছু ফাইল মুছে যাওয়ায় দেশজুড়ে প্রায় ৯০ মিনিট ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এতে প্রায় ১১ হাজার ফ্লাইট ব্যাহত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সেটিই ছিল দেশটির প্রথম দেশব্যাপী ফ্লাইট স্থগিতের ঘটনা।
এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ার একটি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে সার্কিটের ত্রুটি এবং নিউ জার্সিতে নির্মাণকাজের সময় ফাইবার-অপটিক কেবল কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়।
এফএএর পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা রক্ষণাবেক্ষণে বছরে প্রায় ১০০ কোটি ডলার ব্যয় হয়। এই ব্যবস্থা দ্রুত আধুনিকায়নের চেষ্টা চলছে। কংগ্রেস থেকে এফএএর পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ও টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নে ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাতে আরও ৫০০০ কোটি ডলার চেয়েছেন পরিবহনমন্ত্রী ডাফি।
এদিকে, দেশটির চার শতাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে আবহাওয়াসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে ব্যবহৃত পুরোনো ফ্লপি ডিস্ক ২০২৮ সালের শেষ নাগাদ প্রতিস্থাপনের পরিকল্পনা করেছে এফএএ। পাশাপাশি কয়েক দশক পুরোনো কমপ্যাক কম্পিউটার ও বাজার থেকে সংগ্রহ করা বিকল্প যন্ত্রাংশের ওপরও নির্ভর করতে হচ্ছে সংস্থাটিকে।
বিমান চলাচল নিয়ন্ত্রকদের কাগজের ফ্লাইট স্ট্রিপ ব্যবহার বন্ধ করে ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার উদ্যোগও চলছে। ২০২২ সালে শুরু হওয়া এ পরিবর্তন যুক্তরাষ্ট্রের ৪৯টি বড় বিমানবন্দরে বাস্তবায়ন করতে অন্তত ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
দুবাইয়ে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলম
ডনবাসের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়ার প্রস্তাব
ফলন বাড়াতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, ফটিকছড়িতে মানা হচ্ছে না অপেক্ষাকাল
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরান