ইরানের সঙ্গে সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতাগুলো নতুন করে সামনে এনেছে। এই সংঘাতের বড় শিক্ষা হলো, যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্য অর্জন করলেই রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য পূরণ হয় না। তেহরানকে নিজেদের শর্ত মানতে বাধ্য করতে না পেরে এখন অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধের পথে হাঁটছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও ইরানের সঙ্গে সংঘাতের পরিণতি নিয়ে এক বিশ্লেষণে ফরেন পলিসি ম্যাগাজিন লিখেছে, ‘যুক্তরাষ্ট্র মনে করেছিল, সামরিক শক্তিতে তাদের নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার সক্ষমতাও তাদের আছে। বাস্তবে তাদের কোনোটিই নেই।’
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে এই পর্যবেক্ষণকে বিবেচনা করছে মেহর নিউজ এজেন্সি (এমএনএ)। তাদের বিশ্লেষণ অনুযায়ী, সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা এবং অন্য দেশের ওপর রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দেওয়ার ক্ষমতার মধ্যে বড় ব্যবধান রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়েছিলেন এই ধারণা থেকে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব অল্প সময়ের মধ্যেই শক্তির ভারসাম্য বদলে দেবে এবং তেহরানকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য করবে। কিন্তু গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ দেখিয়েছে, অত্যাধুনিক অস্ত্র, ব্যাপক ধ্বংসক্ষমতা ও জটিল সামরিক অভিযান পরিচালনার সামর্থ্য থাকলেই কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল পাওয়া যায় না।
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্য মূল্যায়নের ক্ষেত্রে শুধু ইরানের সামরিক অবকাঠামোর কতটা ক্ষতি হয়েছে, তা বিবেচনা করলেই চলবে না। বরং প্রশ্ন হলো, এই সংঘাতের শুরুতে ওয়াশিংটন যেসব লক্ষ্য ঘোষণা করেছিল, সেগুলোর কতটা অর্জন করতে পেরেছে।
অভিযানের শুরুতে ট্রাম্প প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা, নৌ সক্ষমতা ধ্বংস করা, দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং এমনকি রাজনৈতিক কাঠামো পরিবর্তনের পরিবেশ তৈরির মতো একাধিক লক্ষ্য সামনে এনেছিল।
কিন্তু ইরানের প্রতিরোধ অব্যাহত থাকা এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মৌলিক মতপার্থক্য অমীমাংসিত থাকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানকে রাজনৈতিকভাবে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।
২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে সংঘাতকে ক্ষয়িষ্ণু যুদ্ধের পরিস্থিতি হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, সীমিত সামরিক অভিযান চালিয়ে যাওয়া, সামরিক পদক্ষেপ আরও জোরদার করা কিংবা সমঝোতার পথে এগোনো—এমন কঠিন বিকল্পগুলোর মুখোমুখি রয়েছে ওয়াশিংটন। অর্থাৎ সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও ইরানের ওপর নিজেদের কাঙ্ক্ষিত রাজনৈতিক কাঠামো চাপিয়ে দিতে পারেনি যুক্তরাষ্ট্র।
এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে যে বিপুল ব্যয় বহন করতে হচ্ছে। মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ আগস্ট পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৮ বিলিয়ন ডলার।
পেন্টাগনের তদারকি-সংক্রান্ত প্রতিবেদনেও বলা হয়েছে, অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে সামরিক মজুতের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ব্যবহৃত অস্ত্রের মজুত পুনরায় পূরণে মার্কিন প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার সীমাবদ্ধতাও সামনে এসেছে।
বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি শুধু একটি অঞ্চল বা একটি সংকট মোকাবিলার জন্য নিয়োজিত নয়। ইউরোপ, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে একসঙ্গে নিরাপত্তাসংক্রান্ত নানা দায়বদ্ধতা রয়েছে ওয়াশিংটনের। ফলে একটি ফ্রন্টে বিপুল অস্ত্র ব্যবহার ও সামরিক সক্ষমতার ক্ষয় অন্য অঞ্চলে সম্ভাব্য সংকট মোকাবিলার সামর্থ্যেও প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকেনি। সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়া এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এক ধরনের কৌশলগত দ্বন্দ্বে পড়েছে। লক্ষ্য অর্জনের জন্য চাপ বাড়ানো প্রয়োজন, কিন্তু সামরিক ও অর্থনৈতিক চাপ যত দীর্ঘায়িত হচ্ছে, তা সামাল দেওয়ার ব্যয়ও তত বাড়ছে।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহেও এই পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিনটি সূত্রের বরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন, ইরান বা ইয়েমেনের আনসারুল্লাহ নতুন করে উসকানিমূলক কোনো পদক্ষেপ না নিলে আপাতত ইরানে নতুন হামলা থেকে বিরত থাকতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আপাতত নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক পদক্ষেপের বিকল্পও খোলা রাখতে চায়।
ওয়াশিংটনের প্রাথমিক লক্ষ্য অর্জনের জটিলতার প্রেক্ষাপটে এই অবস্থান পরিবর্তনকে বিশ্লেষণ করা হচ্ছে। অর্থনৈতিক চাপ, বৈদেশিক বাণিজ্যে বাধা এবং ইরানের অর্থনীতিতে ক্রমবর্ধমান ব্যয় তৈরি করে তেহরানের নীতিনির্ধারকদের হিসাব বদলাতে চাইছে ট্রাম্প প্রশাসন।
তবে অর্থনৈতিক চাপও যে প্রত্যাশিত রাজনৈতিক ফল নিশ্চিত করবে, তার নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক সংঘাতের অভিজ্ঞতা দেখিয়েছে, অর্থনৈতিক ক্ষতি, রাজনৈতিক আচরণে পরিবর্তন এবং কৌশলগত আত্মসমর্পণ—তিনটি এক বিষয় নয়। কোনো দেশের অর্থনীতিকে চাপে ফেলা এক ব্যাপার, আর সেই দেশের রাজনৈতিক কাঠামোকে প্রতিপক্ষের দাবি মেনে নিতে বাধ্য করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।
ইরান ইস্যুতে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু কয়েক মাসের সামরিক অভিযানের ফলাফল নয়; বরং এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি নিয়েও বড় একটি প্রশ্ন সামনে এসেছে।
সামরিক শক্তি তখনই কৌশলগত শক্তিতে পরিণত হয়, যখন তা নির্দিষ্ট, বাস্তবসম্মত ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারে। তা না হলে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সাফল্যও বিপুল ব্যয় এবং সীমিত রাজনৈতিক অর্জনের কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এখনো ব্যাপক—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। একই সঙ্গে সংঘাতের কারণে ইরানও অর্থনৈতিক চাপ ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিজয় মূল্যায়নের মাপকাঠি শুধু ইরানের অবকাঠামোর ক্ষয়ক্ষতি নয়; বরং ওয়াশিংটন ঘোষিত লক্ষ্যগুলো কতটা অর্জন করতে পেরেছে, সেটিই গুরুত্বপূর্ণ।
এ দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক সংঘাত মার্কিন নীতিনির্ধারকদের জন্য একটি বড় বার্তা বহন করছে: শুধু অস্ত্রের শ্রেষ্ঠত্ব দিয়ে কোনো দেশের রাজনৈতিক ইচ্ছাশক্তি ভেঙে দেওয়া কিংবা তার ওপর নিজেদের কাঙ্ক্ষিত ব্যবস্থা চাপিয়ে দেওয়া সম্ভব নয়।
এমএনএর বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়ের মূল জায়গাটি এখানেই—আঘাত হানার সক্ষমতা এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল অর্জনের সক্ষমতার মধ্যকার ব্যবধান।
বাহরাইনে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার সতর্কতা জারি
আজ সংসদ অধিবেশনে আলোচনায় থাকছে যেসব বিষয়
মাধবপুরে তাহেরীকে মাহফিলে না আসার হুঁশিয়ারি বিএনপি নেতাদের, পাল্টা অবস্থানে বক্তা
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলম
ডনবাসের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়ার প্রস্তাব
ইতিহাস গড়ল স্পেসএক্স, যান্ত্রিক বাহুতে ধরে অবতরণ করল স্টারশিপ
শেষ পর্যন্ত ইরানিদেরও খাবার খেতে হবে’, যুক্তরাষ্ট্রের অনাহারে রাখার হুমকির জবাবে বাঘাই