ঐতিহ্যবাহী লাঠিখেলার তালে মাতোয়ারা আইমাপুর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

মেলার নাম পক্কি তলার মেলা। তবে স্থানীয়দের কাছে এটি ‘জামাই মেলা’ নামেই পরিচিত। প্রায় ২০০ বছরের পুরোনো এ মেলাকে ঘিরে প্রতিবছর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রামে। মেলা উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে চলে বিশেষ আয়োজন। দাওয়াত দেওয়া হয় গ্রামের সব জামাইকে। আত্মীয়স্বজনের আগমন, অতিথি আপ্যায়ন, ঐতিহ্যবাহী লাঠিখেলা ও নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম।

বংশপরম্পরায় চলে আসা এ মেলা গ্রামের মানুষের কাছে কেবল বার্ষিক আয়োজন নয়, শেকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখারও উপলক্ষ। বছরের এই দিনটির অপেক্ষায় থাকেন গ্রামবাসী। মেলাকে কেন্দ্র করে দূরে থাকা আত্মীয়স্বজনও ছুটে আসেন নিজ গ্রামে। জামাইদের দাওয়াত, বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়ন আর সবার সম্মিলিত অংশগ্রহণে তৈরি হয় এক ভিন্নধর্মী সামাজিক মিলনমেলা।

মেলা উপলক্ষে দিনভর গ্রামের বিভিন্ন বাড়ির উঠানে চলে নানা আয়োজন। এর অন্যতম আকর্ষণ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সকাল থেকেই ঢাকের তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত। হাতে লাঠি নিয়ে খেলোয়াড়দের দ্রুতগতির নানা কৌশল ও শৈল্পিক প্রদর্শনী দেখতে উঠানগুলোতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ।

লাঠিখেলা দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, মেলায় ঘুরতে এসে লাঠিখেলা দেখে তাঁদের ভালো লেগেছে। একসময় গ্রামবাংলায় জনপ্রিয় এ খেলা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই এমন আয়োজন দেখে তাঁরা আনন্দিত।

মেলার মাঠজুড়ে বসেছে নানা পণ্যের দোকান। মিঠাই-মিষ্টি, ঝুড়ি, জিলাপি ও প্রসাধনসামগ্রীর পাশাপাশি রয়েছে মাটির তৈরি তৈজসপত্র এবং কাঠের নিত্যব্যবহার্য জিনিসপত্র। এসব গ্রামীণ পণ্যের পসরা দেখতে ও কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চড়কি ও নৌকাসহ বিভিন্ন আয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় ঘোরাঘুরি, পছন্দের জিনিস কেনা আর নানা খাবারের স্বাদ নেওয়ায় দিনটি হয়ে ওঠে আনন্দমুখর।

মেলায় আসা জামাই নূর আলম বলেন, তাঁর বিয়ের বয়স ছয় বছর। প্রতিবছর এই দিনে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত পান তিনি। তাঁর মতো গ্রামের সব জামাইকে আমন্ত্রণ জানানো হয়। পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে আসেন তাঁরা। দিনটি সবার জন্য উৎসবমুখর হয়ে ওঠে।

মেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, তাঁদের বাপ-দাদারা বংশপরম্পরায় এ মেলার আয়োজন করে আসছেন। এখন তাঁরা সেই ঐতিহ্য ধরে রেখেছেন। মেলার সঠিক ইতিহাস জানা না গেলেও প্রায় ২০০ বছর ধরে এটি অনুষ্ঠিত হচ্ছে। মেলা উপলক্ষে দিনব্যাপী লাঠিখেলার আয়োজন করা হয়।

এবার মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবসমাজ। দিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণের পাশাপাশি রাতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলাকে শুধু কেনাবেচা কিংবা ঐতিহ্যবাহী খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সব বয়সী মানুষের বিনোদনের উপলক্ষ করে তুলতে চান তরুণেরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অনিক বলেন, তাঁদের বাপ-চাচারা দীর্ঘদিন ধরে এ মেলার আয়োজন করে আসছেন। যুবসমাজ তাঁদের সহযোগিতা করছে। মেলাকে আরও আকর্ষণীয় করতে দিনভর খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলায় দোকান নিয়ে এসেছেন মিষ্টি বিক্রেতা আঙ্গুর। তিনি বলেন, সকাল থেকেই ভালো বেচাকেনা হচ্ছে। প্রতিবছরই তিনি এ মেলায় দোকান নিয়ে আসেন। মানুষের সমাগম ভালো হওয়ায় বেচাকেনাও ভালো হয়।

দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যা নামতেই মেলায় যোগ হয় নতুন মাত্রা। রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। গান ও বিভিন্ন পরিবেশনায় মেতে ওঠেন দর্শনার্থীরা। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী মানুষের অংশগ্রহণে রাতেও প্রাণবন্ত থাকে মেলাপ্রাঙ্গণ।

প্রায় দুই শতাব্দীর পথচলায় আইমাপুরের পক্কি তলার মেলা ধরে রেখেছে নিজস্ব পরিচয়। এখানে একদিকে রয়েছে হারিয়ে যেতে বসা গ্রামীণ লোকজ সংস্কৃতির ছোঁয়া, অন্যদিকে আত্মীয়তার বন্ধন ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত। বিশেষ করে জামাইদের ঘিরে গ্রামের মানুষের এ আয়োজন মেলাটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

আধুনিকতার প্রভাবে গ্রামীণ অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এর মধ্যেও আইমাপুরের মানুষ পূর্বপুরুষদের স্মৃতি ও ঐতিহ্য ধরে রেখেছেন। বাপ-দাদার শুরু করা আয়োজন এগিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম। তাই দুই শতাব্দী পেরিয়েও মেলার আবেদন কমেনি। প্রতিবছর জামাইদের আগমন, লাঠিখেলার ছন্দ আর উৎসবের আমেজে নতুন করে প্রাণ ফিরে পায় আইমাপুর গ্রাম।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত