পাথরঘাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছেন নারীরা।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার রুহিতার বালুর মাঠে বলেশ্বর নদীর তীরে পাথরঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, বসতভিটা ও প্রাকৃতিক পরিবেশ ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে নারীরা নানা সংকট ও প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ এবং উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর সংকট ও দাবিগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজসেবক মেহেদী শিকদার, সোহাগ আকন এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনসহ অন্যরা। এ সময় অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ উপকূলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত