মুক্তিসংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী এক অবিস্মরণীয় নাম : রাষ্ট্রপতি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ এএম

উপমহাদেশের রাজনৈতিক অঙ্গন এবং বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে মওলানা আবদুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এই নেতার মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে সোমবার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতি বাণীটি প্রদান করেন। বাণীতে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ভাসানী সর্বদা শোষণ, বঞ্চনা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন।

কৃষক, শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি আমৃত্যু নিরলস সংগ্রাম করে গেছেন। সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই তিনি জনগণের হৃদয়ে ‘মজলুম জননেতা’ হিসেবে অমর হয়ে আছেন।

রাষ্ট্রপতি আরও জানান, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন এবং স্বাধিকার প্রতিষ্ঠার প্রতিটি ধাপে মওলানা ভাসানীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৫৭ সালের ২৫ জুলাই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করে প্রগতিশীল রাজনীতির নতুন ধারা তৈরি করেন। একই বছর ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে ভাসানী স্বাধীনতার পক্ষে অবিচল অবস্থান নিয়েছিলেন। সে সময় তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতা-পরবর্তী সময়েও দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি ছিলেন সমানভাবে সক্রিয়। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে তার নেতৃত্বে পরিচালিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিল রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসিকতার এক অনন্য নজির।

রাষ্ট্রপতি তার বাণীতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, মওলানা ভাসানীর ত্যাগী জীবনাদর্শ ও কর্মময় জীবন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি ন্যায়বিচার ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে তার আদর্শ আমাদের চিরকাল পথ দেখাবে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত