সন্তানকে বাঁচাতে গিয়ে নসিমনের চাপায় প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে ইট-বালুবাহী নসিমনের চাপায় আসমা বেগম (২৫) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে নসিমনের নিচে চাপা পড়েন তিনি। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী মোহাম্মদ শামীম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তেতুলতলা গ্রামের বাসিন্দা। তিনি ডৌয়াতলা কৃষি ব্যাংকে কর্মরত থাকায় পরিবারটি বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নসিমনের চালক জাহিদুল ইসলামকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন নসিমনটির টায়ারে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে ডৌয়াতলা বাজারে যানবাহনের বিশৃঙ্খল চলাচল, যত্রতত্র পার্কিং ও যানজট নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে স্থানীয়দের। তাঁদের অভিযোগ, ব্যস্ত সময়ে বাজারের সড়কে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজারে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট অটোরিকশা স্ট্যান্ড স্থাপন এবং চালকদের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। নসিমনের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত