ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বড় ধরনের সাফল্য পেয়েছেন গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন এ জোটের ইয়াশা দলের এমপি মাতান কাহান। আইজেনকোটের নেতৃত্বাধীন জোট যাতে পার্লামেন্টের এই ক্ষমতাশালী পদটি দখল করতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট ভোট বিলম্বিত করার চেষ্টা চালিয়েছিল। নেতানিয়াহু জোটের আইনপ্রণেতাদের ছয় ঘণ্টার দীর্ঘ বাধাদান (ফিলিবাস্টারিং) শেষে মঙ্গলবার রাতে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ৬৬-৫২ ভোটে নতুন স্পিকার নির্বাচন করে।
ইয়াশার দলের প্রার্থী তালিকার ৫ নম্বরে থাকা কাহানা লিকুদ পার্টির এমকে ওফির কাটজকে পরাজিত করেন। ইয়াশার চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন চার-দলীয় জোটের সমর্থন পান কাহানা—যার মধ্যে রয়েছে এমকে আভিগদর লিবারম্যানের কট্টর ধর্মনিরপেক্ষতাবাদী দল ‘ইসরায়েল বেইতেইনু’, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মধ্য-ডানপন্থী ‘বি’ইয়াহাদ’ এবং আইডিএফ-এর সাবেক উপ-প্রধান ইয়ার গোলানের বামপন্থী ‘ডেমোক্র্যাটস’ দল। এ ছাড়া আরব-অধ্যুষিত ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’ দলও তাকে সমর্থন দেয়।
ভোটগ্রহণ দুটি পৃথক ব্যালটে অনুষ্ঠিত হয়—প্রথমে কাহানার জন্য এবং পরে লিকুদ প্রার্থী ওফির কাটজের জন্য।
কাহানাকে সমর্থনকারী ছয়টি দলের হাতে ১২০ আসনের নেসেটের ৬৭টি আসন রয়েছে—এর মধ্যে ৪৮টি আইজেনকোট জোটের এবং ১৯টি দুটি আরব দলের। স্পিকার নির্বাচিত হতে ৬১ জন আইনপ্রণেতার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তে কেবল উপস্থিত সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। বিরোধী দলের একজন আইনপ্রণেতা, রা’আম দলের এমকে ইয়াসের হুজিরাত ভোটে অনুপস্থিত ছিলেন।
নেতানিয়াহু জোটের ৫৩ জন এমকে-র মধ্যে ৫২ জনের সমর্থন পান কাটজ; লিকুদ দলের নির বারকাত অনুপস্থিত ছিলেন। অতি-রক্ষণশীল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ দল ভোটদানে বিরত থাকতে পারে বলে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তারা কাটজের পক্ষেই ভোট দেয়।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহু তার পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠনের আলোচনা চলমান থাকাবস্থায় নেসেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আইজেনকোট নেতৃত্বাধীন জোটের জন্য এই ভোট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পার্লামেন্টের আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যসূচি নির্ধারণে নেসেট স্পিকার কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। তিনি ডেপুটি স্পিকারদের সাথে নেসেট প্রেসিডিয়ামে কাজ করেন, যা পূর্ণাঙ্গ অধিবেশনের আলোচ্যসূচি নির্ধারণ করে এবং বেসরকারি সদস্যদের বিল উত্থাপনসহ পার্লামেন্টারি কার্যক্রম অনুমোদন করে।
লিকুদ এমকে আমির ওহানার স্থলাভিষিক্ত হয়ে কাহানা স্পিকার নির্বাচিত হওয়ায়, নতুন সরকার গঠনের প্রচেষ্টা চলার মধ্যেই নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদে বহাল থাকা সত্ত্বেও আইজেনকোট নেতৃত্বাধীন জোট বুধবার থেকেই পূর্ববর্তী নেসেটের বিচার বিভাগীয় সংস্কার আইনের মূল ধারাগুলো বাতিলের উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছিল।
তবে সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, স্পিকার নির্বাচন বিলম্বিত করতে নেতানিয়াহু জোট ফিলিবাস্টারিং না করার প্রতিশ্রুতি দেয়ার বিনিময়ে আইজেনকোট জোট সোমবার পর্যন্ত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিলের প্রক্রিয়া এগিয়ে না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ওহানা হাসিমুখে স্পিকারের হাতুড়ি (গ্যাভেল) হস্তান্তর করার পর মিত্রদের করতালি ও প্রতিপক্ষের দুয়োধ্বনির মধ্য দিয়ে কাহানা পূর্ণাঙ্গ অধিবেশনের সভাপতিমণ্ডলীর আসন গ্রহণ করেন। ভোট চলাকালীন এবং ভোটের পরে ‘ওৎজমা ইয়েহুদিত’ দলের এমকে ট্যালি গটলিভ এবং লিকুদ এমকে আলমোগ কোহেনকে একাধিকবার সতর্ক করে শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়; কারণ তাঁরা আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম দলের প্রতি ইঙ্গিত করে আইজেনকোট জোটের বিরুদ্ধে “সন্ত্রাসীদের সমর্থকদের” ওপর নির্ভর করার অভিযোগ তুলছিলেন।
স্পিকার হিসেবে দেয়া প্রথম ভাষণে কাহানা বলেন, 'অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি এখন ইসরায়েলের নেসেটের স্পিকারের দায়িত্ব গ্রহণ করছি।'
কাহানা আরো বলেন, 'ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে ইসরাইল রাষ্ট্রের সকল নাগরিকের ঘর হলো এই নেসেট। এবং আমি তাদের সবার স্পিকার হতে চাই।'
বিদায়ী জোটের পক্ষ থেকে হাইকোর্টের রায় বারবার অমান্য করা এবং ব্যাপক বিচার বিভাগীয় সংস্কারের প্রচেষ্টার প্রতি স্পষ্ট ইঙ্গিত করে তিনি বলেন, 'আমি দৃঢ়ভাবে আশা করি যে, নতুন যে সরকার গঠিত হবে তা ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে ক্ষমতার ভারসাম্য রক্ষার ব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধনী আনতে কাজ করবে; কিন্তু তা না হওয়া পর্যন্ত—নেসেট প্রশ্নাতীতভাবে আদালতের রায় মেনে চলবে।'
তিনি আরো যোগ করেন, 'সাম্প্রতিক বছরগুলোতে আমরা বারবার ইসরায়েলি নাগরিকদের লজ্জায় মাথা নিচু করতে বাধ্য করেছি।' সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমে ভরে থাকা 'চরমপন্থা, ঘৃণা ও বিভাজন' থেকে সরে এসে ইহুদি চিন্তাধারা ‘হাউস অব হিলেল’কে ধারণ করা নেসেটের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন, যে ধারার অনুসারীরা “যাদের সাথে তাদের মতভেদ ছিল, তাদের বোঝার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাতেন।”
আইজেনকোটের দিকে ফিরে কাহানা বলেন, 'আমি আপনাকে স্কেলের মতো সৎ একজন মানুষ হিসেবে চিনেছি, যার মূল্যবোধের মেরুদণ্ড ইস্পাতের মতো দৃঢ়। গাদি, আমি জানি এমন একটি সরকার প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না, যা আমাদের ঐক্যবদ্ধ করবে এবং রক্ষা করবে।'
কাহানার স্পিকার নির্বাচিত হওয়াকে উদযাপন করে আইজেনকোট ঘোষণা করেন যে, তার নেতৃত্বে 'নেসেট আবারো জনগণের, সকল জনগণের ঘরে ফিরে আসবে।'
আইজেনকোট আরো বলেন, 'নেসেটের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।' তিনি জানান, পার্লামেন্ট 'একটি কার্যকর ও শক্তিশালী তদারকি সংস্থা হিসেবে কাজ করবে, যা এই সংবেদনশীল সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা।'
বেনেট কাহানাকে 'একজন ইসরাইলি দেশপ্রেমিক' হিসেবে অভিহিত করেন এবং সেনাবাহিনীতে একসাথে কাজ করার পাশাপাশি ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত তার নেতৃত্বাধীন সরকারের কথা স্মরণ করেন।
পরাজিত নেতানিয়াহু জোটের তীব্র নিন্দা : ‘চিরস্থায়ী কলঙ্ক’
এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং এর মিত্ররা কাহানার স্পিকার নির্বাচিত হওয়াকে 'একটি চিরস্থায়ী কলঙ্ক' বলে অভিহিত করেছে।
লিকুদের এক বিবৃতিতে বলা হয়, 'সন্ত্রাসীদের সমর্থকদের ভোটে কাহানাকে একতরফাভাবে নিয়োগ দেওয়া হয়েছে।' বিবৃতিতে এই ভোটকে 'নেসেটের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়' হিসেবে নিন্দা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, 'যারা জাতীয় সংগীতকে অবজ্ঞা করে, তাদের হাতে এই দেশের সরকারের চাবি তুলে দেওয়ার বিরোধিতা করে ইসরাইলের জনগণ। ইসরাইলের জনগণ ঐক্য চায়।' এতে দাবি করা হয় যে, নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বীরা 'জাতীয় ঐক্যের চেয়ে সন্ত্রাসীদের সমর্থকদেরই বেছে নিয়েছে। ইতিহাস তা মনে রাখবে।'
অতি-জাতীয়তাবাদী ‘রিলিজিয়াস জায়োনিজম’ পার্টির প্রধান ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক সংক্ষিপ্ত পোস্টে এই ভোটকে 'চিরস্থায়ী কলঙ্ক' ঘোষণা করেন। অন্যদিকে, লিকুদের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি নেতার আরবি প্রতিশব্দ ব্যবহার করে কাহানাকে 'নেসেটের রইস' বলে আখ্যা দেন।
‘ওৎজমা ইয়েহুদিত’ নেতা ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এক্সে লেখেন, 'লজ্জা।'
কাহানার আরব আইনপ্রণেতাদের ওপর নির্ভরতা নিয়ে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর মধ্যে কয়েক দিনের তিক্ত বাকবিতণ্ডার পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। লিকুদ, রিলিজিয়াস জায়োনিজম ও তাদের মিত্ররা রা’আম এবং জয়েন্ট লিস্টের সমর্থন নেওয়ার জন্য আইজেনকোট জোটের বিরুদ্ধে 'সন্ত্রাসীদের সমর্থকদের' পক্ষ নেয়া এবং 'ইহুদিদের চেয়ে আরবদের বেছে নেয়ার' অভিযোগ তুলেছে।
ভোটের আগে জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসুফ জাবারিন কাহানার প্রতি তার দলের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, 'আমরা সিদ্ধান্তমূলক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের নির্বাচনী এলাকার মানুষের জন্য পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা বাস্তবায়ন করছি।'
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, জাবারিন বলেছেন, নেতানিয়াহু সরকারকে সরিয়ে দিতে চাওয়া শক্তিগুলোর জন্য তার দল 'নিরাপত্তা বেষ্টনী' (সেফটি নেট) হিসেবে কাজ করে যাবে। অন্যদিকে রা’আম ঘোষণা করেছে, তারা 'নেসেটে রাষ্ট্রীয় মর্যাদা ফিরিয়ে আনবে।'
সোমবার স্মোট্রিচ প্রস্তাব দিয়েছিলেন যে, কাহানা যদি আরব দলগুলো থেকে কোনো ডেপুটি স্পিকার নিয়োগ না দিতে রাজি হন, তবে তিনি লিকুদের পাশাপাশি কাহানাকে সমর্থন দেবেন। কাহানা সেই শর্তকে 'রাষ্ট্রনায়কোচিত নয়' বলে প্রত্যাখ্যান করলে স্মোট্রিচ তার বিরুদ্ধে 'ইহুদিদের চেয়ে আরবদের' এবং 'যুদ্ধের সহযোদ্ধাদের চেয়ে মুসলিম ব্রাদারহুডকে' বেছে নেওয়ার অভিযোগ আনেন।
লিকুদকে ছাড়া সরকার গঠনের ক্ষেত্রে আইজেনকোটের প্রচেষ্টায় আরব দলগুলোর সমর্থন নির্ণায়ক হয়ে উঠতে পারে—এই আশঙ্কায় আরব দলগুলোর সাথে সহযোগিতাকে অবৈধ বা অগ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই কাহানা ও আরব দলগুলোর ওপর এই আক্রমণ চালানো হচ্ছে।
পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবং সরকার গঠনের কোনো স্পষ্ট পথ না থাকায় নেতানিয়াহু ও তার মিত্ররা ইয়াশার এবং জোটের অন্য ইহুদি দলগুলোকে নিয়ে বারবার একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন, যদিও একই সাথে তারা ওই দলগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণও অব্যাহত রেখেছেন।
এদিকে, জোটের সম্ভাব্য কিছু অংশীদার নেতানিয়াহুর সাথে একত্রে কাজ করার বিরোধিতা করা সত্ত্বেও আইজেনকোট সম্ভাব্য ঐক্যের সরকার গঠনের বিষয়ে লিকুদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সূত্র : টাইমস অব ইসরাইল
কেশম ও বাহরাইনে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা
ইসরায়েলি পার্লামেন্টে বড় ধাক্কা খেলেন বেনিয়ামিন নেতানিয়াহু
দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা