যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ধারাবাহিক প্রযুক্তিগত বিপর্যয় প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, প্রযুক্তির সঙ্গে নানা ধরনের ঝুঁকি ও দুর্বলতাও জড়িয়ে থাকে, যা গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘আমাদের দেশে সাইবার নিরাপত্তা এবং নতুন প্রযুক্তি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করছে, তা নিয়ে আলোচনা হওয়া জরুরি—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
রুবিও জানান, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলো সাইবার হামলার কারণে ঘটেনি। তবে এসব ঘটনা দেখিয়ে দিয়েছে, মানুষ এখন প্রযুক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রই এর ওপর নির্ভরশীল।
তিনি বলেন, ‘আপনার ফ্লাইট উড়বে কি না, আপনি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন কি না, কিংবা আপনার মুঠোফোন ঠিকভাবে কাজ করছে কি না—সবকিছুতেই প্রযুক্তির প্রভাব রয়েছে।’
জনসাধারণের উদ্বেগ কমানোর চেষ্টা করে রুবিও বলেন, মানুষ ভীত ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে—এ বিষয়টি তিনি বুঝতে পারছেন।
তিনি আরও বলেন, ‘মানুষের অনিশ্চয়তা ও অস্বস্তি দূর করার সবচেয়ে ভালো উপায় হলো, আমরা কী জানি এবং কী ধারণা করছি, তা স্বচ্ছতার সঙ্গে তাদের জানানো। এ কারণেই আজ আপনাদের সামনে এসেছি। আমরা কোনো পদ্ধতিগত বা সর্বব্যাপী হামলার শিকার নই।’
পাথরঘাটায় ট্রলারে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৩
‘ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ইরানি পরিকল্পনা’ নিছক গুজব: আরাগচি