মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ এএম

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঘটনার পর কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার আশপাশে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে তাঁদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

সূত্রের ভাষ্য অনুযায়ী, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত শ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকালে কাফরুলে কিছুটা ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।

সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের একটি বড় অংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তাঁদের আন্দোলনে উঠে এসেছে।

এসব আন্দোলনে বিভিন্ন শিল্পাঞ্চলে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি মোকাবিলায় গত ১ নভেম্বর পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত