গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’। ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জমা দেওয়া সর্বশেষ প্রতিবেদনে বোর্ড অব পিস বলেছে, চুক্তিতে যা সম্মত হয়েছে এবং বাস্তবে গাজার পরিস্থিতি যা দাঁড়িয়েছে—এই দুইয়ের মধ্যে বড় ব্যবধানই পুরো প্রক্রিয়ার জন্য সবচেয়ে বড় ঝুঁকি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রতিবেদনটি হাতে পেয়েছে বলে জানিয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে উভয় পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়ন জরুরি।
২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি তদারকি ও পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড অব পিস গঠন করা হয়। ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তবে এরপরও গাজায় হামলা অব্যাহত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বোর্ড অব পিসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতেও গাজায় ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি শীত মৌসুমের আগে জীবন রক্ষাকারী ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আরোপ করা সরবরাহ ও সরঞ্জাম প্রবেশের বাধা এবং অর্থায়নের ঘাটতির কারণে গাজায় প্রস্তুতি ও জরুরি সাড়াদানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে ফিলিস্তিনিদের আরেকটি শীতকাল তাঁবু ও ধ্বংসস্তূপের মধ্যে কাটানোর আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।
ট্রাম্প ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রথম বোর্ড অব পিস গঠনের প্রস্তাব দেন। গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে ২০ দফা শান্তি পরিকল্পনাও ঘোষণা করা হয়েছিল। ওই পরিকল্পনায় ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির কথাও ছিল।
তবে মঙ্গলবারের প্রতিবেদনে বোর্ড অব পিস বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস—উভয় পক্ষই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অনেক পিছিয়ে রয়েছে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘যে যুদ্ধবিরতি দৃশ্যমান কোনো সুফল দিতে পারে না, তা অনির্দিষ্টকাল টিকিয়ে রাখা সম্ভব নয়।’ যুদ্ধবিরতি ভেঙে পড়লে ফিরে যাওয়ার মতো কোনো রোডম্যাপ, মোতায়েনের জন্য কোনো প্রশাসন কিংবা পুনর্গঠনের উপযোগী পরিবেশ থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে।
গাজা পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন একটি বিশেষজ্ঞভিত্তিক বেসামরিক প্রশাসনিক কাঠামো গঠনের উদ্যোগও আটকে আছে বলে জানিয়েছে বোর্ড অব পিস। তাদের অভিযোগ, ইসরায়েল সরকার এই প্রশাসনিক কাঠামোকে কার্যক্রম শুরু করতে বাধা দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বেসামরিক পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, মোতায়েন করা এবং তাদের ফিরে আসার জন্য প্রয়োজনীয় শর্ত ও ব্যবস্থা নিয়ে ইসরায়েল সরকারের সিদ্ধান্তহীনতা সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।
এ বিষয়ে ইসরায়েল সরকারকে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড অব পিস।
অচলাবস্থা কাটাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েল ও হামাস—উভয় পক্ষের ওপর তাদের চুক্তিবদ্ধ দায়িত্ব পালনে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক পক্ষের বিলম্বকে অন্য পক্ষ নিজেদের নিষ্ক্রিয়তার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে না। ইসরায়েলের সেনা প্রত্যাহার ও ব্যাপক পরিসরে পুনর্গঠনের পথে এগোনোর একমাত্র উপায় হলো উভয় পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়ন।
একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বাসযোগ্য পথ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বোর্ড অব পিস। এই চূড়ান্ত লক্ষ্য ব্যাহত করতে পারে—এমন কোনো একতরফা পদক্ষেপ গ্রহণের সুযোগ দেওয়া উচিত নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।
গাজা যুদ্ধে ইসরায়েলের স্বার্থ নয়, নিজের স্বার্থ দেখেন নেতানিয়াহু: বাইডেন
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমাদের কড়া বার্তা শি-পুতিনের
সোনা-রুপার নতুন দাম নির্ধারণ, ভরি কত?