বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

বরিশালে আদালতের এক বিচারক নিখোঁজ হয়েছেন। শেখ ফারহান নাদীম নামের ওই বিচারক মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে তিনি আর বাসায় ফেরেননি। বুধবার (১৮ নভেম্বর) আদালতেও উপস্থিত হননি তিনি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানোর পর তার সন্ধানে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ ফারহান নাদীম মঙ্গলবার অফিস করেছেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারও তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তার খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় বিচারক শেখ ফারহান নাদীমের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাকে রিকশায় যেতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রটি।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ বলেন, মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম বুধবার আদালতে আসেননি। পরে খোঁজ নিয়ে তারা তার নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত