‘মরুভূমির বাঘ’ ফখরুদ্দিন পাশা: সৈন্যদের ঘাসফড়িং খাইয়েও চালিয়েছিলেন প্রতিরোধ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসে মদিনা প্রতিরক্ষার এক আলোচিত নাম উসমানীয় সেনানায়ক ওমর ফখরুদ্দিন পাশা (Ömer Fahreddin Pasha)। দীর্ঘ অবরোধ, খাদ্যসংকট ও সামরিক প্রতিকূলতার মধ্যেও মদিনা ছেড়ে যেতে রাজি হননি তিনি। প্রায় দুই বছর সাত মাস ধরে পবিত্র নগরীটির প্রতিরোধ চালিয়ে যাওয়ায় তিনি পরিচিতি পান ‘মদিনার রক্ষক’ ও ‘মরুভূমির বাঘ’ নামে।

১৯১৬ সালে হেজাজ অঞ্চলে উসমানীয় বাহিনীর দায়িত্ব পাওয়ার পর ব্রিটিশ-সমর্থিত আরব বিদ্রোহীদের বিরুদ্ধে মদিনা রক্ষার লড়াই শুরু করেন ফখরুদ্দিন পাশা। ১৯১৬ সালের জুনে আরব বিদ্রোহ শুরু হলে মদিনার আশপাশের রেললাইন ও টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন হতে থাকে। হেজাজের গুরুত্বপূর্ণ শহরগুলো একে একে উসমানীয়দের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও মদিনার প্রতিরোধ ধরে রাখেন তিনি।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর সাত মাস ধরে সীমিত সামরিক সরঞ্জাম ও রসদের মধ্যে মদিনা রক্ষা করেন ফখরুদ্দিন পাশা। ১৯১৮ সালের ৩০ অক্টোবর উসমানীয় সাম্রাজ্য মুদরোস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও তিনি মদিনা ছাড়তে রাজি হননি।

অনাহারী সৈন্যদের ঘাসফড়িং খাওয়ার নির্দেশ

দীর্ঘ অবরোধে হেজাজ রেলপথ ও সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে মদিনায় অবস্থানরত সৈন্য ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় তীব্র খাদ্যসংকট। খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অভাবে পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে ১৯১৮ সালের জুনে ফখরুদ্দিন পাশা ক্ষুধার্ত সৈন্যদের ঘাসফড়িং খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে। শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, ঘাসফড়িংয়ের পুষ্টিগুণ এবং সেগুলো রান্না করে খাওয়ার পদ্ধতিও সৈন্যদের বুঝিয়ে দিয়েছিলেন বলে প্রচলিত বিবরণে বলা হয়।

পবিত্র নিদর্শন রক্ষায় বিশেষ উদ্যোগ

মদিনার পবিত্র নিদর্শন ও ঐতিহাসিক সম্পদ লুটপাটের আশঙ্কা দেখা দিলে সেগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন ফখরুদ্দিন পাশা। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, উসমানীয় সরকার হেজাজের কিছু এলাকা থেকে সেনা ও প্রশাসন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফে সংরক্ষিত পবিত্র নিদর্শনগুলো ইস্তাম্বুলে পাঠানোর প্রস্তাব দেন।

সরকারের অনুমতি পাওয়ার পর একটি কমিশন গঠন করে নিদর্শনগুলো পরীক্ষা ও তালিকাভুক্ত করা হয়। এরপর ৩০টি পবিত্র নিদর্শন প্রায় দুই হাজার সৈন্যের পাহারায় ইস্তাম্বুলে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। এসব নিদর্শনের একটি অংশ বর্তমানে ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধবিরতির পরও ৭২ দিন প্রতিরোধ

১৯১৮ সালের ৩০ অক্টোবর উসমানীয় সাম্রাজ্য মিত্রশক্তির সঙ্গে মুদরোস যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী হেজাজ অঞ্চলে অবস্থানরত উসমানীয় বাহিনীর আত্মসমর্পণের কথা থাকলেও ফখরুদ্দিন পাশা তা মানতে অস্বীকৃতি জানান। ইস্তাম্বুল থেকেও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রতিরোধ অব্যাহত রাখেন।

একপর্যায়ে খাদ্য, ওষুধ ও গোলাবারুদের সংকট তীব্র হয়। সৈন্যদের বড় অংশ অসুস্থ হয়ে পড়ে। তাঁর নিজের কর্মকর্তারাও আত্মসমর্পণের জন্য চাপ দিতে থাকেন। শেষ পর্যন্ত ১৯১৯ সালের ৯ জানুয়ারি নিজের কয়েকজন কর্মকর্তার হাতে আটক হন ফখরুদ্দিন পাশা। পরদিন, ১০ জানুয়ারি, মদিনার আত্মসমর্পণ কার্যকর হয়। অর্থাৎ যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও আরও ৭২ দিন মদিনায় উসমানীয় প্রতিরোধ অব্যাহত ছিল।

আত্মসমর্পণের পর ফখরুদ্দিন পাশাকে যুদ্ধবন্দি হিসেবে প্রথমে মিসরে এবং পরে মাল্টায় পাঠানো হয়। পরবর্তী সময়ে তিনি তুরস্কের জাতীয় আন্দোলনে যোগ দেন এবং আফগানিস্তানে তুরস্কের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালের ২২ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

মদিনা রক্ষায় দীর্ঘ প্রতিরোধ, খাদ্যসংকটের মধ্যেও সৈন্যদের মনোবল ধরে রাখার চেষ্টা এবং পবিত্র নিদর্শনগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগের কারণে ফখরুদ্দিন পাশা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত