রোহিঙ্গা অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু হয়। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পাঠ শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

রায়ে ২০১৭ সালের সামরিক অভিযানের আগের ঘটনাপ্রবাহ এবং রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের চিত্র তুলে ধরেন বিচারপতি ইউজি।

তিনি বলেন, আদালতের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছিল।

তবে আদালত উল্লেখ করেছেন, ওই অভিযানের আগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল।

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে এলেও দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। বিচারপতি ইউজি বলেন, বৈষম্যমূলক আইন ও বিভিন্ন বিধিনিষেধের কারণে ধীরে ধীরে তাদের অধিকার সংকুচিত করা হয়েছে। এর ফলে তারা সমাজে প্রান্তিক ও অত্যন্ত অরক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।

পাশাপাশি সামরিক বাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা আরও বাড়িয়ে তুলেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত