সামরিক বাহিনীতে চালকবিহীন যুদ্ধবিমান সংযুক্ত করে বিশ্ব ইতিহাসে প্রথম দেশ হিসেবে নাম লেখাল তুরস্ক। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘কিজিলেলমা’ যুদ্ধবিমান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বায়কার।
বায়কারের তথ্য অনুযায়ী, ছয় শতাধিক পরীক্ষামূলক ও প্রশিক্ষণ উড্ডয়ন শেষে তিনটি ইউনিট সক্রিয় দায়িত্বে যুক্ত হয়েছে। তবে ঠিক কোন তারিখে বা কোন বাহিনীর শাখায় এগুলো হস্তান্তর করা হয়েছে, তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।
এই অর্জনকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে তিনি লিখেছেন, বায়রাকতার কিজিলেলমার হাত ধরে তুর্কি সেনাবাহিনী একের পর এক সাফল্য পাবে বলে তিনি আশাবাদী।
কম রাডার দৃশ্যমানতা ও দুর্দান্ত গতিশীলতা মাথায় রেখে সাজানো হয়েছে এই যুদ্ধবিমান। সর্বোচ্চ সাড়ে আট টন উড্ডয়ন ওজনের কিজিলেলমা ভেতরের অস্ত্রাগারে দেড় টন গোলাবারুদ নিতে পারে।
শব্দের গতির প্রায় নব্বই শতাংশ বা ০.৯ ম্যাক গতিতে ছুটতে সক্ষম বিমানটি টানা তিন ঘণ্টার বেশি আকাশে থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত স্বয়ংক্রিয় উড্ডয়ন ও স্মার্ট ফ্লিট প্রযুক্তির কারণে এটি ভবিষ্যতের আকাশযুদ্ধে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
নিজস্ব অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে রাডারের মাধ্যমে আকাশের লক্ষ্যবস্তু খুঁজে দেশীয় এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করার প্রথম নজির গড়েছে কিজিলেলমা। এনসোশ্যালে বায়কার জানিয়েছে, দুই দশক আগে দেখা স্বপ্ন আজ জাতির হাতে তুলে দেওয়া হয়েছে।
২০২১ সালের জুলাইয়ে প্রাথমিক নকশা প্রকাশের পর ২০২২ সালের মার্চে এর নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই ওই বছরের ডিসেম্বরে প্রথমবার আকাশে ওড়ে বিমানটি।
পরের বছর এপ্রিলে সশস্ত্র ড্রোন আকিনজির সঙ্গে ঘনিষ্ঠ ফরমেশনে উড়ে দুটি চালকবিহীন বিমানের প্রথম নজির গড়ে কিজিলেলমা। টেকনোফেস্ট উৎসবে এটি সোলোতুর্ক ও তুর্কিশ স্টারস অ্যারোব্যাটিক দলের সঙ্গেও আকাশে উড়েছে।
গত এক বছরে বিমানটির নানা পরীক্ষা-নিরীক্ষা আরও গতি পায়। ২০২৫ সালের অক্টোবরে তোলুন ও তেবের-৮২ গোলাবারুদের সফল পরীক্ষা চালানো হয় এবং নভেম্বরে যুক্ত হয় তয়গুন টার্গেটিং সিস্টেম।
এর কিছুদিন পর সিনোপ উপকূলের কাছে পরীক্ষায় আসেলসানের রাডার ও তুবিটাক সাগের তৈরি গোকদোয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে জেট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এটি। বায়কারের দাবি, দৃষ্টিসীমার বাইরের ক্ষেপণাস্ত্র দিয়ে জেট লক্ষ্যবস্তুতে আঘাতের এমন ঘটনা বিশ্বে এটিই প্রথম।
২০২৫ সালের ডিসেম্বরে দুটি কিজিলেলমা দলবদ্ধ স্মার্ট ফ্লিট সক্ষমতা দেখায়। ২০২৬ সালের মার্চে ইতালীয় এম-৩৪৬ প্রশিক্ষণ জেটের সঙ্গে যৌথ স্বয়ংক্রিয় উড্ডয়নও সম্পন্ন করে এটি।
এ ছাড়া জুলাইয়ে জেট-২৩০ সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ভেতরের বে থেকে তেবের-৮২ ও তোলুন ছোড়ার প্রথম পরীক্ষা চালায়। তুরস্কের যোগাযোগ অধিদফতরের প্রধান বুরহানেত্তিন দুরান এক্সে লিখেছেন, নিজস্ব সক্ষমতায় প্রতিরক্ষা খাতে ইতিহাস গড়ছে দেশটি।
২০২৫ সালে বিশ্বের শীর্ষ ড্রোন রফতানিকারক প্রতিষ্ঠান ছিল বায়কার, যার আয় ছিল ২২০ কোটি ডলার এবং প্রায় নব্বই শতাংশই এসেছে রফতানি থেকে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তুরস্কের শীর্ষ দশ রফতানিকারকের তালিকায় ছিল প্রতিষ্ঠানটি।
এসএসবি ও টিআইএমের তথ্য বলছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা ও মহাকাশ রফতানিতে শীর্ষে ছিল বায়কার। টিবি২ ও আকিনজির জন্য চল্লিশটি দেশের সঙ্গে চুক্তির পাশাপাশি গত মে মাসে ইন্দোনেশিয়ার সঙ্গে কিজিলেলমার প্রথম রফতানি চুক্তিও সেরেছে তারা, যার আওতায় ২০২৮ সাল থেকে বারোটি বিমান সরবরাহ করা হবে এবং আরও চারটি বহর নেওয়ার সুযোগ থাকছে।
সূত্র: ডেইলি সাবাহ
রিয়াদের সর্বোচ্চ ভবনে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে উত্তেজনা
রাসায়নিক অস্ত্র অজুহাত, ইরাকের মতো ইরানে হামলার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ক্লান্ত ও ক্ষুব্ধ মার্কিন জনগণ, বাড়ছে অসন্তোষ