মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাদ্রাসায় ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ শ্রেণি এবং ২০২৪ শিক্ষাবর্ষে দাখিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বোর্ডের পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাদ পড়া এসব শিক্ষার্থীর অনলাইনে রেজিস্ট্রেশন ফি (বিলম্বসহ ফি) আগামী ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। তথ্য (ই-এসআইএফ) এন্ট্রির সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। সিস্টেমে ফি জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে।

বোর্ড জানায়, উল্লিখিত তারিখের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই এ ধরনের বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া অন্য বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদেরও ওই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সূত্র: বাসস

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত