মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। আইসিজের রায় ইসরায়েলের জন্যও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক আইন ও রাজনীতি বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের মধ্য দিয়ে গণহত্যার অভিপ্রায় প্রমাণে সরাসরি বা অকাট্য দলিলের পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। ফলে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে চলমান গণহত্যার মামলাতেও এর প্রভাব পড়তে পারে।
অবশ্য একটি দেশের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার অন্য দেশের ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা যায় না। প্রতিটি মামলার তথ্য, প্রমাণ ও পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করেন বিচারকেরা। তবে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় গণহত্যার অভিপ্রায় নির্ধারণে যে আইনি ব্যাখ্যা এসেছে, তা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।
গণহত্যা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধ সংঘটনের অভিপ্রায় প্রতিষ্ঠা করা। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা জাতিগত নিধনযজ্ঞ সংঘটিত হলেও কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করা না গেলে তা আইনের সংজ্ঞায় গণহত্যা হিসেবে বিবেচিত হয় না।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ এবং ইসরায়েলের আইনজীবীরা বলে আসছেন, এই অভিপ্রায় প্রমাণ করা অত্যন্ত কঠিন। তাদের যুক্তি, নাৎসি জার্মানির ‘ফাইনাল সলিউশন’-এর মতো লিখিত নির্দেশনা বা সরাসরি প্রমাণ ছাড়া গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। পাশাপাশি অভিযুক্ত রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার অভিপ্রায়ই একমাত্র যৌক্তিক ব্যাখ্যা, সেটিও প্রমাণ করতে হয়।
তবে আইসিজের বৃহস্পতিবারের রায় এই ধারণায় পরিবর্তন এনেছে। ১৯১ পৃষ্ঠার রায় পাঠের সময় বিচারক ইউজি ইয়াসিসাওয়া বলেন, মামলায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণের মতো কোনো একক অকাট্য দলিল ছিল না। তবে বিপুল পরিমাণ পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে। নয় বনাম ছয় ভোটে সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের অন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই।
২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনীর শুরু করা ‘অপারেশন ক্লিয়ারেন্স’-এ অন্তত ১০ হাজার নারী, পুরুষ ও শিশু নিহত হন। বাস্তুচ্যুত হন সাত লাখের বেশি মানুষ। মিয়ানমার সরকার ও সেনাবাহিনী ওই অভিযানকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ দমনের পদক্ষেপ হিসেবে দাবি করলেও আইসিজে সেই ব্যাখ্যা গ্রহণ করেনি।
রায়ে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অধিকার থেকে বঞ্চিত রাখা, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে হত্যা ও ধর্ষণ, শিশুদের ওপর হামলা, বুলডোজার দিয়ে গ্রাম ধ্বংস, ব্যাপক বাস্তুচ্যুতি এবং শরণার্থী শিবিরে আটকে রাখার ঘটনাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। বিচারক ইয়াসিসাওয়ার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের সমন্বিত চিত্র মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যার অভিপ্রায় থাকার সিদ্ধান্তে পৌঁছানোর ভিত্তি তৈরি করেছে।
রোহিঙ্গা মামলার এই নজিরের প্রভাব শুধু গণহত্যার অভিপ্রায় প্রমাণে পারিপার্শ্বিক সাক্ষ্যের ব্যবহারেই সীমাবদ্ধ নয়। আত্মরক্ষার যুক্তিতে পরিচালিত কোনো সামরিক অভিযানের পাশাপাশি গণহত্যার অভিপ্রায়ও থাকতে পারে, আদালতের পর্যবেক্ষণে সেই বিষয়টিও উঠে এসেছে।
এ ছাড়া কোনো ফৌজদারি আদালতের আগের রায়ের অপেক্ষা না করে জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়েছেন বিচারকেরা। একই সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, সরাসরি সংঘাতে জড়িত নয় এমন তৃতীয় কোনো রাষ্ট্রও গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলা করতে পারে। মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল গাম্বিয়া।
গাজাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গাম্বিয়ার মতো দক্ষিণ আফ্রিকাও ওই সংঘাতের সরাসরি পক্ষ নয়।
যুক্তরাজ্যভিত্তিক স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমার সুলতানি মনে করেন, মিয়ানমারের মামলায় আদালত যেভাবে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন প্রয়োগ করেছে, তা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিচারেও গুরুত্বপূর্ণ হতে পারে।
তার ভাষ্য, গাজায় সংঘটিত অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে ইসরায়েলের ক্ষেত্রেও আদালত একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে মিয়ানমারের রায় থেকে জোরালো ইঙ্গিত পাওয়া যায়। এ ছাড়া গণহত্যার অভিপ্রায় পর্যালোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে মিয়ানমার সেনাবাহিনীর চালানো আগের অভিযানগুলোর বিষয়ও বিবেচনায় নিয়েছে। অধ্যাপক সুলতানি এ প্রসঙ্গে ২০০০ সাল থেকে গাজায় ইসরায়েলের একাধিক সামরিক অভিযানের কথা উল্লেখ করেন।
ইসরায়েলের আত্মরক্ষার যুক্তিতে প্রভাব
বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার বর্তমানে তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন নেতানিয়াহু।
আইসিজে যদি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কোনো সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে দেশটির রাজনৈতিক নেতৃত্বের ওপরও তার প্রভাব পড়তে পারে। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোট বর্তমানে সরকার গঠনের চেষ্টা করছেন। তবে গাজায় যুদ্ধের প্রথম বছর, অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওই সময় গাজায় প্রাণহানির ঘটনা এবং ইসরায়েলে বিদ্বেষমূলক বক্তব্যের হার ছিল সর্বোচ্চ।
আইসিজের রায়ের পর ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, রায়ের কিছু পর্যবেক্ষণ ইসরায়েলের আত্মরক্ষার যুক্তিকে দুর্বল করতে পারে। কারণ, গণহত্যা নির্ধারণে প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ড সম্পর্কে আদালতের ব্যাখ্যা আগের ধারণার চেয়ে বিস্তৃত হয়েছে।
বিশ্লেষণে আরও বলা হয়, কোনো জনগোষ্ঠীর একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক পাল্টা অভিযান গণহত্যার পর্যায়ে যেতে পারে। ফলে কোনো রাষ্ট্র আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, এই যুক্তি একাই গণহত্যার অভিযোগ থেকে দায়মুক্তির নিশ্চয়তা দেয় না।
সূত্র: দ্যা টেলিগ্রাফ
২ হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে হামলার হুমকি ইরানের
সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ফুরিয়ে আসছে গোলাবারুদ?
'রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন এড়ানোর কোনো কারণ নেই '
ইরান যুদ্ধ কি পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যের অবসান ঘটাবে?
‘নির্দেশ পেলে ইউরোপে মার্কিন ঘাঁটি নিশানা করবে ইরান’