ইরানের ইউরেনিয়াম মজুত দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মর্যাদাপূর্ণ, দীর্ঘস্থায়ী ও টেকসই চুক্তি চায় তেহরান।
তেহরানভিত্তিক সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের এই শীর্ষ কূটনীতিক হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরুর জন্য দুই দিনের একটি প্রস্তাবের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তি হতে হবে মর্যাদাপূর্ণ ও টেকসই, যাতে ভবিষ্যতে আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়।
আরাগচি জানান, কূটনৈতিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে তেহরান আগের সাত দিনের কাঠামোর পরিবর্তে সংক্ষিপ্ত এই প্রস্তাব দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্র তার প্রয়োজনীয় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। দ্বিতীয় দিনে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে। এর মধ্য দিয়ে চূড়ান্ত আলোচনা শুরুর পথ তৈরি হবে।
আরাগচি বলেন, আলোচনার ভিত্তি হিসেবে এই কাঠামো এখনো কার্যকর রয়েছে। তবে এর আগে যুক্তরাষ্ট্রকে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে স্পষ্ট আগ্রহ প্রকাশ করতে হবে এবং আস্থা তৈরিতে বাস্তব পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো জবাব দেয়নি। তারা যদি সত্যিই চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হয়, তাহলে তাদের অবস্থান পরিবর্তন করতে হবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উত্থাপিত সাতটি শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
তিনি বলেন, ‘ইরানের দাবিগুলো পূরণ করা হলে প্রণালিটি আবার খুলে দেওয়া হবে। এসব শর্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে তেহরান প্রস্তুত।’
বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আরাগচি বলেন, যুদ্ধ, আলোচনা এবং অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তবে ইসলামাবাদে যে সমঝোতা স্মারক নিয়ে সমঝোতা হয়েছিল, সেটি এখন আর আলোচনার টেবিলে নেই বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি কাম্য নয়। ইরান একটি ভালো, মর্যাদাপূর্ণ ও টেকসই চুক্তি চায়।
আরাগচি স্পষ্ট করেন, চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে হবে। একই সঙ্গে এমন কোনো ছাড় দেওয়া যাবে না, যেটিকে প্রতিপক্ষ মিথ্যাভাবে নিজেদের রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরতে পারে।
ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে প্রশ্নের জবাবে আরাগচি বলেন, এ বিষয়ে ন্যায্য কোনো সমাধান বের করা সম্ভব হলেও ওই পারমাণবিক উপাদান দেশের বাইরে পাঠানো হবে না।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের জাতীয় স্বার্থের প্রতি পূর্ণ সম্মান রেখে একটি সামগ্রিক সমঝোতার অংশ হিসেবেই বিষয়টি সমাধান করতে হবে।
বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চললেও ইরানের আনুষ্ঠানিক পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরাগচি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা ও প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে। ইরানের দায়িত্বশীল কর্তৃপক্ষের কঠোর তত্ত্বাবধানে এ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)
ইয়েমেনের মোখা বন্দরে সৌদি জোটের বিমান হামলা
কোনো টুর্নামেন্টে জিয়া পরিবারের নাম ব্যবহারে লাগবে অনুমোদন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৯৯