হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কর্মদক্ষতার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার পদত্যাগের পর শূন্য হওয়া পদে যোগ্য কাউকে খুঁজে পাওয়া কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। তবে প্রশংসার পাশাপাশি ক্যারোলিনের সন্তানদের প্রতি ভালোবাসা নিয়ে মজার ছলে আক্ষেপও প্রকাশ করেছেন ট্রাম্প।
শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের ‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে উপস্থাপক কেইলি ম্যাকএনানির সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ক্যারোলিনের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার চলে যাওয়ায় হোয়াইট হাউসে একটি শূন্যতা তৈরি হয়েছে। এমনকি তার মতো যোগ্য কাউকে খুঁজে পাওয়াও সহজ হবে না বলে মনে করেন ট্রাম্প।
সাবেক এই প্রেস সেক্রেটারির নতুন কর্মজীবন নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি। সম্প্রতি ফক্স নিউজের সঙ্গে যুক্ত হওয়ায় ক্যারোলিনকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যাবে এবং তিনি জনপ্রিয় তারকা হয়ে উঠবেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারের একপর্যায়ে ক্যারোলিনের পারিবারিক জীবন প্রসঙ্গে রসিকতা করেন ট্রাম্প। তিনি বলেন, ক্যারোলিন তাকে যতটা ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন নিজের সন্তানদের। বিষয়টিকে মজার ছলে ‘খারাপ’ আখ্যা দিলেও পরক্ষণেই তার প্রশংসা করেন ট্রাম্প।
উল্লেখ্য, সন্তানদের সময় দেওয়া এবং পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে গত আগস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ার ঘোষণা দেন ক্যারোলিন লেভিট। চলতি বছরের ১ মে দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের পর মাতৃত্ব ও কর্মজীবন একসঙ্গে সামলানোর চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।
লেভিট জানিয়েছিলেন, হোয়াইট হাউসের ব্যস্ত কর্মপরিবেশের কারণে সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে উঠছিল। তাই পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে সে সময় সমর্থন জানিয়েছিলেন ট্রাম্পও।
তথ্যসূত্র: এনডিটিভি।
ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ভবন ধস, নিখোঁজ ১৪
পেছালো এইচএসসি পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময়