ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ভবন ধস, নিখোঁজ ১৪

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। এতে ভবনটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৪ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২২ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, রুশ ড্রোন হামলার পর পাঁচতলা একটি আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ইতোমধ্যে ভবনটি থেকে নয়জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন কিশোর রয়েছে।

উদ্ধারকাজের ভিডিওতে দেখা গেছে, জরুরি বিভাগের কর্মীরা ধসে পড়া ভবনের বিশাল ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনে আটকে পড়া বাসিন্দাদের মই ও বিশেষ ক্রেন প্ল্যাটফর্মের সাহায্যে নিচে নামিয়ে আনা হচ্ছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

বিএইচবি
আরও পড়ুন