বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করেছে ইরান। নতুন নজরদারি ব্যবস্থা মোতায়েন, পুরোনো সামরিক সরঞ্জামের আধুনিকায়ন এবং যুদ্ধপ্রস্তুতি বাড়ানোর মাধ্যমে কৌশলগত এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
বুধবার (২৫ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানান। ইরানের সেনাবাহিনীর বিমানবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, অতীতের তুলনায় দেশটির সামরিক বাহিনীর যুদ্ধপ্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল আমির হাতামির নির্দেশনায় হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। এ কার্যক্রমে ইরানের নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) যুক্ত রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন আকরামিনিয়া। তাঁর দাবি, ইরানি বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ছাড়া চলাচলকারী জাহাজগুলো সাম্প্রতিক সময়ে বাড়তি ঝুঁকির মুখে পড়েছে। কিছু জাহাজ নৌমাইনে আঘাত করে বিস্ফোরিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, হরমুজ প্রণালিতে অননুমোদিত পথে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত করে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
তবে এসব ঘটনার বিষয়ে ইরানের বক্তব্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য রয়টার্সের প্রতিবেদনে পাওয়া যায়নি।
আকরামিনিয়া জানান, হরমুজ প্রণালিতে নজরদারি বাড়াতে নতুন যুদ্ধ ও পর্যবেক্ষণব্যবস্থা সংযোজন করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান সামরিক সরঞ্জাম আধুনিকায়ন এবং সেনাবাহিনীর যুদ্ধকাঠামো আরও শক্তিশালী করা হয়েছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের ফলে কৌশলগত এই জলপথে সামরিক বাহিনীর নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণের সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, ২২ নভেম্বর হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তিনটি জাহাজ অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতের শিকার হয়েছিল। জাহাজগুলো যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয় এবং সব নাবিক নিরাপদ ছিলেন।
বক্তব্যে আকরামিনিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ তোলেন। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল শুধু সামরিক পদক্ষেপে সীমাবদ্ধ নয়; বরং দেশটির অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থার ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি এই কৌশলকে ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক অবস্থানকে কেন্দ্র করে চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে ইরানের দৃঢ় অবস্থানের কারণে প্রতিপক্ষ তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয় রয়েছে। কাতারের মধ্যস্থতায় দেওয়া একটি প্রস্তাবে শর্ত পূরণ হলে ৪৮ ঘণ্টার মধ্যে জলপথটি পুনরায় খুলে দেওয়ার কথাও জানিয়েছে ইরান।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হয়।
ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা এবং জাহাজ চলাচলে বিধিনিষেধের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার, পরিবহন ব্যয় ও সরবরাহ ব্যবস্থায় পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত না হলে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগ হয়ে থাকতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স।
মার্কিন শুল্কের আশঙ্কায় বিশ্ববাজারে বড় দরপতন
চীনের শীর্ষ নেতৃত্বে দুর্নীতিবিরোধী তদন্ত, চাপে পলিটব্যুরো
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা
ইসলামের প্রাথমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘আনসাব আল-আশরাফ’ এবার ফারসিতে