ককটেল তৈরিকালে বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী (৩৫) নামের এক কৃষকলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি কলাক্ষেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত টমাস আলী উপজেলার মনাকষা ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মর্তুজা হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে গ্রাম সংলগ্ন একটি কলাক্ষেতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় আহত অবস্থায় আরও তিনজন পালিয়ে যায়। অলামত দেখে স্থানীয়রা জানতে পারেন, সেখানে ককটেল তৈরি করা হচ্ছিলো।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

জেএম
আরও পড়ুন